চীনের রাষ্ট্রদূতের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে। নিজেও দুইবার চীন সফর করেছি। চীনের জনগণ ও সরকার উন্নয়ন ও জনকল্যাণে নিরলসভাবে কাজ করছে। বাংলাদেশের উন্নয়নেও সহযোগিতা করে যাচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব ও স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর৷
শুক্রবার সকালে ঠাকুরগাঁও শহীদ মোহাম্মদ আলী স্টেডিয়ামে চায়না-বাংলাদেশ ফ্রেন্ডশিপের উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে স্কুলব্যাগ ও উপহার সামগ্রী বিতরণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
মির্জা ফখরুল বলেন,চীনের রাষ্ট্রদূতকে আমি ধন্যবাদ জানাই। তাকে আজ ঠাকুরগাঁওয়ে দাওয়াত করে এনেছি। আমরা ঠাকুরগাঁওয়ের উন্নয়নের জন্য একসঙ্গে কাজ করতে চাই। আগামী দুই-এক বছরের মধ্যে তারা চীনা প্রতিনিধি পাঠাবেন। এখানে শিল্পপ্রতিষ্ঠান স্থাপনসহ বিভিন্ন উন্নয়নমূলক বিষয়ে কাজ করার আগ্রহ রয়েছে।
তিনি আরও বলেন,শিশুদের শুধু লেখাপড়াই নয়,প্রয়োজনীয় উপকরণ ও সুযোগ-সুবিধাও নিশ্চিত করতে হবে। তাদের এমনভাবে গড়ে তুলতে হবে যাতে তারা দেশের সম্পদে পরিণত হতে পারে। নিজেদের পায়ে দাঁড়াতে পারলেই দেশ আরও এগিয়ে যাবে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত এইচ.ই.মি.ইয়াও ওয়েন,জেলা প্রশাসক রফিকুল হক,পুলিশ সুপার বেলাল হোসেন,জেলা বিএনপির সভাপতি মির্জা ফয়সল আমিনসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা।
অনুষ্ঠানে জেলার প্রায় সাড়ে ৬ হাজার শিক্ষার্থীর মাঝে স্কুলব্যাগ ও বিভিন্ন শিক্ষা উপকরণ বিতরণ করা হয়।
আরও পড়ুন:








