ভারতের নবনিযুক্ত হাইকমিশনার এইচ.ই. শ্রী দীনেশ ত্রিবেদী আজ (শুক্রবার, ১২ জুন) স্থলপথে বেনাপোল-পেট্রাপোল চেকপোস্ট দিয়ে বাংলাদেশে প্রবেশ করবেন। এ সময় তাঁর সঙ্গে থাকবেন স্ত্রী মৃণাল ত্রিবেদী।
তাঁর আগমনকে কেন্দ্র করে সীমান্ত এলাকা ও যাতায়াতের রুটে কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে বাংলাদেশ সরকার। সংশ্লিষ্ট সরকারি ও কূটনৈতিক সূত্রে জানা গেছে, পররাষ্ট্র মন্ত্রণালয়ের রাষ্ট্রাচার অনুবিভাগ থেকে স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং বেনাপোলের স্থানীয় প্রশাসনকে প্রয়োজনীয় নিরাপত্তা ও প্রটোকল নিশ্চিত করার নির্দেশনা দেওয়া হয়েছে।
এ লক্ষ্যে যশোরের শার্শা উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় থেকে বেনাপোল কাস্টমস হাউস, বেনাপোল পোর্ট থানা, ইমিগ্রেশন কর্তৃপক্ষ এবং বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)সহ সংশ্লিষ্ট দপ্তরগুলোকে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের অনুরোধ জানানো হয়েছে।
ভারতীয় হাইকমিশনের কূটনৈতিক সূত্র জানায়, নবনিযুক্ত হাইকমিশনারকে স্বাগত জানাতে ভারতের ভারপ্রাপ্ত হাইকমিশনার মি. পবনকুমার তুলসীদাস বাধে এবং সেকেন্ড সেক্রেটারি মি. গৌরব আগরওয়ালসহ একটি উচ্চপর্যায়ের কূটনৈতিক প্রতিনিধি দল ইতোমধ্যে যশোরে পৌঁছেছে এবং রাত্রিযাপন করেছে। শুক্রবার সকালে তারা যশোর থেকে বেনাপোল সীমান্তে গিয়ে নবনিযুক্ত হাইকমিশনার, তাঁর স্ত্রী ও সফরসঙ্গীদের আনুষ্ঠানিকভাবে স্বাগত জানাবেন।
সীমান্তের আনুষ্ঠানিকতা সম্পন্ন হওয়ার পর ভারতের নবনিযুক্ত হাইকমিশনার সড়কপথে ঢাকার উদ্দেশ্যে রওনা হবেন। একই দিন বিকেলে তাঁর ঢাকায় পৌঁছানোর কথা রয়েছে।
আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, সফরকে কেন্দ্র করে বেনাপোল চেকপোস্ট ও যশোর-ঢাকা মহাসড়কে পুলিশের বিশেষ এসকর্টসহ নিচ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
আরও পড়ুন:








