বাগেরহাটের ফকিরহাট উপজেলায় নিয়তির মাঠ এলাকায় সদর উপজেলার বারুইপাড়া ইউনিয়ন কৃষক দল নেতা বাদল মোড়ল হত্যাকাণ্ড এবং এর জের ধরে বারুইপাড়া বাজারে জামায়াত ও শ্রমিক কল্যাণ ফেডারেশনের কার্যালয়সহ নেতাকর্মীদের বাড়িঘরে ভাঙচুরের ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন বাগেরহাট-২ আসনের সংসদ সদস্য শেখ মনজুরুল হক রাহাদ।
বৃহস্পতিবার দুপুরে এক বিবৃতিতে তিনি এ কথা বলেন, কোনো ঘটনার প্রতিক্রিয়ায় মব সৃষ্টি করে আইন নিজের হাতে তুলে নেওয়া,ভাঙচুর কিংবা বিশৃঙ্খলা সৃষ্টি করা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। এ ধরনের কর্মকাণ্ড এলাকার শান্তি-শৃঙ্খলা ও সাম্প্রদায়িক সম্প্রীতির জন্য হুমকিস্বরূপ।
তিনি জানান,বারুইপাড়ায় সংঘটিত হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত প্রকৃত অপরাধীদের দ্রুত চিহ্নিত করে গ্রেপ্তারের জন্য প্রশাসন ও আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে দাবি জানিয়েছেন । একইসঙ্গে হত্যাকাণ্ডের পর সংঘটিত ভাঙচুর ও তছনছের ঘটনার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত করে দায়ীদের আইনের আওতায় আনার আহ্বান জানান তিনি।
সংসদ সদস্য রাহাদ বলেন,অপরাধীর কোনো দলীয় পরিচয় বিবেচনা করা হবে না। তদন্তে যার সম্পৃক্ততা পাওয়া যাবে,তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
এছাড়া এলাকায় নতুন করে কোনো উত্তেজনা বা অপ্রীতিকর পরিস্থিতি সৃষ্টি না হয়,সে জন্য কঠোর নিরাপত্তা ব্যবস্থা জোরদারের আহ্বান জানান তিনি।
বিবৃতিতে তিনি সর্বস্তরের জনসাধারণ ও রাজনৈতিক নেতাকর্মীদের শান্ত থাকার এবং আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সহযোগিতা করার আহ্বান জানিয়ে বলেন,অপরাধী যে-ই হোক,তদন্ত সাপেক্ষে তাকে বিচারের মুখোমুখি হতেই হবে।
আরও পড়ুন:








