চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় পল্লী মঙ্গল কর্মসূচী (পিএমকে)-এর উদ্যোগে দিনব্যাপী বিনামূল্যে চিকিৎসা ও ওষুধ বিতরণ ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার উপজেলার ইসরাইল মোড়ে অবস্থিত পিএমকে শিবগঞ্জ শাখা অফিসে এ ক্যাম্পের আয়োজন করা হয়।
পিএমকে কমিউনিটি হেলথের সহযোগিতায় এবং পিএমকে হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারের অর্থায়নে অনুষ্ঠিত এ কর্মসূচিতে প্রান্তিক ও সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর মধ্যে চিকিৎসাসেবা ও প্রয়োজনীয় ওষুধ বিতরণ করা হয়। বিশেষ করে নারী,শিশু ও বয়স্ক রোগীদের অগ্রাধিকার ভিত্তিতে স্বাস্থ্যসেবা প্রদান করা হয়।
পিএমকে শিবগঞ্জ শাখার ব্যবস্থাপক মো.গোলাম রাব্বানীর তত্ত্বাবধানে ক্যাম্পে চিকিৎসাসেবা প্রদান করেন ডা.এম.এম.ইফতেখার উদ্দিন শাপর,, ডা.তাইফুরুল হাসান,ডা.শীষ মোহাম্মদ সরকার এবং ডা.মুহাম্মদ আরিফুল ইসলাম।
এ সময় উপস্থিত ছিলেন কমিউনিটি মেডিকেল অফিসার মো.মিনহাজুল ইসলাম,চন্দন দেব বর্মন,শহিদুল ইসলাম ও জাহাঙ্গীর আলমসহ পিএমকের অন্যান্য কর্মকর্তা-কর্মচারীরা।
ক্যাম্পে আগত পাঁচ শতাধিক রোগী বিনামূল্যে চিকিৎসা পরামর্শ ও ওষুধ গ্রহণ করেন। সেবাগ্রহীতারা এ ধরনের মানবিক উদ্যোগের প্রশংসা করে বলেন,গ্রামীণ ও প্রান্তিক জনগোষ্ঠীর জন্য এমন স্বাস্থ্যসেবা কার্যক্রম অত্যন্ত উপকারী। এতে দরিদ্র ও অসহায় মানুষের চিকিৎসা ব্যয় কমার পাশাপাশি স্বাস্থ্যসেবা গ্রহণের সুযোগও বৃদ্ধি পায়।
আরও পড়ুন:








