বৃহস্পতিবার

১১ জুন, ২০২৬ ২৮ জ্যৈষ্ঠ, ১৪৩৩

সীমান্তে মাইকিং,পুশইন ঠেকাতে সতর্ক অবস্থানে বিজিবি

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

প্রকাশিত: ১১ জুন, ২০২৬ ০৯:৫৭

আপডেট: ১১ জুন, ২০২৬ ০৯:৫৯

শেয়ার

সীমান্তে মাইকিং,পুশইন ঠেকাতে সতর্ক অবস্থানে বিজিবি
ছবি; সংগৃহীত

ব্রাহ্মণবাড়িয়ার সীমান্তবর্তী এলাকাগুলোতে সম্ভাব্য অবৈধ অনুপ্রবেশ (পুশইন) প্রতিরোধে সর্বোচ্চ সতর্ক অবস্থান নিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। সীমান্তে নজরদারি জোরদারের পাশাপাশি স্থানীয় জনগণকে সচেতন করতে মাইকিং কার্যক্রমও পরিচালনা করা হচ্ছে।

বুধবার আখাউড়া,কসবা ও বিজয়নগর উপজেলার বিভিন্ন সীমান্ত এলাকায় বিজিবির সদস্যদের মাইকিং করতে দেখা যায়। এ সময় সীমান্ত এলাকায় বসবাসকারী জনগণকে অবৈধ অনুপ্রবেশ ও সন্দেহজনক চলাচল সম্পর্কে সতর্ক করা হয়। একই সঙ্গে গুরুত্বপূর্ণ সীমান্ত পয়েন্টগুলোতে অতিরিক্ত টহল ও গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করা হয়েছে।

সরাইল ব্যাটালিয়ন (২৫ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল জাব্বার আহমেদ জানান,আন্তর্জাতিক আইন অমান্য করে কেউ যেন অবৈধভাবে বাংলাদেশে প্রবেশ করতে না পারে, সে বিষয়ে বিজিবি কঠোর অবস্থানে রয়েছে। তিনি বলেন, “এখন পর্যন্ত ব্রাহ্মণবাড়িয়া সীমান্ত দিয়ে কোনো পুশইনের ঘটনা ঘটেনি। তবে সম্ভাব্য যেকোনো পরিস্থিতি মোকাবিলায় বিজিবি সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে।”

অন্যদিকে,সুলতানপুর ব্যাটালিয়ন (৬০ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এস এম শরিফুল ইসলাম বলেন,সীমান্ত দিয়ে অনুপ্রবেশ, মাদক পাচার ও চোরাচালান প্রতিরোধে টহল ও গোয়েন্দা নজরদারি আরও জোরদার করা হয়েছে। দেশের সার্বভৌমত্ব ও সীমান্ত নিরাপত্তা রক্ষায় প্রয়োজনীয় সব ধরনের ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে বলেও তিনি জানান।

বিজিবি সূত্রে জানা গেছে,সীমান্ত পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং যেকোনো ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা প্রতিরোধে তাদের নিরাপত্তা কার্যক্রম অব্যাহত থাকবে। পাশাপাশি সীমান্ত এলাকার বাসিন্দাদের সন্দেহজনক কোনো ব্যক্তি বা তৎপরতা নজরে এলে দ্রুত নিকটস্থ বিজিবি ক্যাম্প অথবা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে অবহিত করার আহ্বান জানানো হয়েছে।



banner close
banner close