বগুড়ার গাবতলী উপজেলার বাগবাড়ীতে প্রধানমন্ত্রী তারেক রহমানের সফর উপলক্ষে রাতারাতি ইট বিছিয়ে অস্থায়ীভাবে সংস্কার করা একটি কাঁচা সড়কের সব ইট সফর শেষে তুলে নেওয়া হয়েছে। এতে ওই সড়কে চলাচলে আবারও চরম দুর্ভোগে পড়েছেন স্থানীয় বাসিন্দারা।
এলজিইডি সূত্র ও স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে জানা গেছে, গাবতলী উপজেলার নশিপুর ইউনিয়ন পরিষদ থেকে চৌকির খাল হয়ে প্রধানমন্ত্রীর পৈতৃক বাড়ি জিয়াবাড়ি পর্যন্ত ৫০০ মিটার সড়ক পাকাকরণের জন্য স্থানীয় সরকার প্রকৌশল অধিদফতরের (এলজিইডি) পক্ষ থেকে গত অর্থবছরে ৮৪ লাখ টাকা বরাদ্দ দেওয়া হয়। দরপত্র আহ্বানের পর গত বছরের আগস্ট মাসে মেসার্স হক ট্রেডার্স নামের একটি ঠিকাদারি প্রতিষ্ঠানকে কার্যাদেশ দেওয়া হয়। কার্যাদেশ অনুযায়ী এ বছরের আগস্টের মধ্যে কাজ শেষ করার কথা থাকলেও ঠিকাদারি প্রতিষ্ঠানটি এখন পর্যন্ত কাজ শুরু করেনি।
গত ২০ এপ্রিল প্রধানমন্ত্রী তারেক রহমান বগুড়া সফরে এসে বাগবাড়ী শহীদ জিয়া ডিগ্রি কলেজ মাঠে ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধন ও চৌকিরদহ খাল খনন উদ্বোধন শেষে পৈতৃক বাড়ি জিয়াবাড়ি পরিদর্শন করেন। সফরের আগমুহূর্তে এলজিইডির উদ্যোগে ওই ৫০০ মিটার কাঁচা সড়কে অস্থায়ীভাবে ইট বিছানো হয়। শাজাহানপুর উপজেলার মাদলা ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আতিকুর রহমানকে এ কাজের দায়িত্ব দেওয়া হয়। আনুষঙ্গিক কাজসহ ওই অস্থায়ী সোলিংয়ে ব্যয় দেখানো হয়েছে প্রায় ১০ লাখ টাকা। প্রধানমন্ত্রীর সফর শেষ হওয়ার সপ্তাহখানেকের মধ্যে সড়কের পুরো ৫০০ মিটার অংশের ইট তুলে নেওয়া হয়।
স্থানীয় বাসিন্দা মিনহাজুল ইসলাম জানান, প্রধানমন্ত্রীর আগমনে কাঁচা সড়কে ইট বিছানোয় এলাকাবাসী খুশি হয়েছিলেন এবং দীর্ঘদিনের দুর্ভোগ লাঘব হয়েছিল বলে মনে হয়েছিল। কিন্তু ইট তুলে নেওয়ার পর বৃষ্টিতে এ রাস্তায় চলাচল করা দায় হয়ে পড়েছে।
মাদলা ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আতিকুর রহমান জানান, এলজিইডির নির্দেশে ভাটা থেকে ইট ভাড়া এনে সড়কে বিছানো হয়েছিল এবং প্রধানমন্ত্রীর সফর শেষে সেই ইট ভাটায় ফিরিয়ে দেওয়া হয়েছে। এলজিইডির পক্ষ থেকে শুধু পরিবহন ও শ্রমিক খরচ দেওয়া হয়েছে বলে তিনি উল্লেখ করেন। তবে ঠিক কত টাকা দেওয়া হয়েছিল, তা তিনি মনে করতে পারেননি।
এলজিইডির বগুড়ার নির্বাহী প্রকৌশলী মো. মাসুদুজ্জামান জানান, নিয়মনীতি মেনেই অস্থায়ীভাবে ইট বিছানো হয়েছিল। সড়কটি পাকা করতে ৮৪ লাখ টাকা আগেই বরাদ্দ থাকায় ভবিষ্যতে ব্যয় বৃদ্ধি এড়াতে ইট না কিনে ভাড়া নেওয়া হয়েছিল বলে তিনি জানান।
আরও পড়ুন:








