রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলায় ইজিবাইকের চাপায় রুহান মৃধা (৩) নামে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (৯ জুন) বিকেল সোয়া ৪টার দিকে উপজেলার দেবগ্রাম ইউনিয়নের পূর্ব তেনাপচা গ্রামে এ দুর্ঘটনা ঘটে। নিহত রুহান ওই গ্রামের সাত্তার মৃধার ছেলে।
পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, বিকেলে দাদী আনোয়ারা বেগমের হাত ধরে বাড়ির পাশের একটি দোকানে বিস্কুট কিনতে যাচ্ছিল রুহান। পথে তোরাপ আলী জামে মসজিদের সামনে পাকা সড়কে পৌঁছালে দাদীর হাত ছেড়ে হঠাৎ রাস্তা পার হওয়ার জন্য দৌড় দেয়। এ সময় গোয়ালন্দ বাজার থেকে আতর চেয়ারম্যানের বাড়িগামী দ্রুতগতির একটি ইজিবাইক তাকে চাপা দিয়ে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।
পরে স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় রুহানকে উদ্ধার করে গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ বিষয়ে গোয়ালন্দ ঘাট থানার উপ-পরিদর্শক (এসআই) বিল্লাল জানান, পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই শিশুটির মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় ইজিবাইকটির বিরুদ্ধে পরিবারের পক্ষ থেকে কোনো লিখিত অভিযোগও দেওয়া হয়নি।
শিশুটির আকস্মিক মৃত্যুতে পরিবারে শোকের মাতম বিরাজ করছে। একই সঙ্গে পুরো এলাকায় নেমে এসেছে গভীর শোকের ছায়া।
আরও পড়ুন:








