চট্টগ্রামের বাঁশখালীর বাহারছড়া ইউনিয়নে পুকুরে পড়ে ফাহিমা তাসলিম সাদিয়া (২২) নামে এক কলেজছাত্রীর মর্মান্তিক মৃত্যু হয়েছে।
নিহত ফাহিমা তাসলিম সাদিয়া উপজেলার বাহারছড়া ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের ইলশা গ্রামের সিরাজ কাজীর বাড়ির বাসিন্দা এবং মৌলানা হাফেজ ফরিদুল আলমের কন্যা। তিনি চট্টগ্রামের হাজ্বী মুহাম্মদ মহসিন কলেজ-এর অনার্স তৃতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন।
পারিবারিক সূত্রে জানা যায়, বুধবার ভোর আনুমানিক ৫টার দিকে ওযূ করার জন্য বাড়ির পাশের পুকুরঘাটে যান সাদিয়া। এ সময় পা পিছলে বা হোঁচট খেয়ে তিনি পুকুরে পড়ে যান। কিছুক্ষণ পর তার ছোট বোন পুকুরে তাকে ভাসতে দেখে পরিবারের সদস্যদের খবর দেয়। পরে স্বজনরা দ্রুত তাকে উদ্ধার করলেও ততক্ষণে তার মৃত্যু ঘটে।
নিহতের নানা মাওলানা রশিদ আহমদ জানান, ভোরে ওযূ করতে গিয়ে পুকুরঘাটে হোঁচট খেয়ে সাদিয়া পানিতে পড়ে যায়। তিনি সাঁতার জানতেন না। ফলে পানিতে পড়ে আর উঠতে না পেরে তার মৃত্যু হয়।
এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। পরিবারের সদস্যদের আহাজারিতে পরিবেশ ভারী হয়ে উঠেছে। স্থানীয় বাসিন্দারা এ মর্মান্তিক ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন।
আরও পড়ুন:








