কুমিল্লা বুড়িচং উপজেলার নিমসার বাজার এলাকায় হাইওয়ে পুলিশ সদস্য ও অটোরিকশা চালকের মধ্যে বাকবিতণ্ডা সৃষ্টি হয়। পুলিশ ও রিকশা চালকদের মধ্যে হাতাহাতি কে কেন্দ্র করে নিমসার বাজারে উত্তেজনা ছড়িয়ে পড়ে।
একপর্যায়ে স্থানীয় জনতার সঙ্গে পুলিশের সংঘর্ষের ঘটনা সৃষ্টি হয়। হাতাহাতির ঘটনার পরিপ্রেক্ষিতে হাইওয়ে পুলিশের একটি জিপ গাড়ি ভাঙচুর করা হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, মহাসড়কে একটি অটোরিকশা চলাচল নিয়ে হাইওয়ে পুলিশ সদস্যের সঙ্গে অটো রিকশা চালকদের মধ্যে কথা-কাটাকাটি হয়। প্রত্যক্ষদর্শীদের দাবি, চালক ক্ষমা চাইলেও হাইওয়ে পুলিশ সদস্য ক্ষুব্ধ হয়ে অটোরিকশার সামনের গ্লাসে লাটি দিয়ে আঘাত করেন। এতে অটো রিকশার গ্লাস ভেঙে যায় এবং চালক আহত হন।
স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, আহত চালকের চোঁখ ও মুখে আঘাত লাগে। ঘটনার খবর বাজারে ছড়িয়ে পড়লে স্থানীয়দের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়। পরে পুলিশ সদস্যদের সঙ্গে স্থানীয় জনতার সংঘর্ষ বাঁধে। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে হাইওয়ে পুলিশের সদস্যরা সেখান থেকে সরে যান। এরপর বিক্ষুব্ধ জনতা পুলিশের একটি গাড়ি ভাঙচুর করে বলে জানা গেছে।
ঘটনার পর এলাকায় উত্তেজনা বিরাজ করলেও পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে অতিরিক্ত পুলিশি নজরদারি জোরদার করা হয়েছে। এ বিষয়ে কুমিল্লা হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল মমিন বলেন, “ঘটনার বিষয়ে আমরা তথ্য সংগ্রহ করছি। কী পরিস্থিতিতে ঘটনাটি ঘটেছে এবং পুলিশের গাড়ি ভাঙচুরের সঙ্গে কারা জড়িত, তা তদন্ত করে প্রয়োজনী আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”
শেষ খবর পাওয়া পর্যন্ত এ ঘটনায় কোনো মামলা দায়েরের তথ্য পাওয়া যায়নি। তদন্তের মাধ্যমে ঘটনার প্রকৃত কারণ ও দায়ীদের বিষয়ে বিস্তারিত জানা যাবে বলে সংশ্লিষ্ট পুলিশ সদস্যরা জানিয়েছেন।
আরও পড়ুন:








