বুধবার

১০ জুন, ২০২৬ ২৬ জ্যৈষ্ঠ, ১৪৩৩

ভারতে সাজাভোগ শেষে দেশে ফিরলেন ৭ বাংলাদেশি

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৯ জুন, ২০২৬ ১৯:০৯

শেয়ার

ভারতে সাজাভোগ শেষে দেশে ফিরলেন ৭ বাংলাদেশি
ছবি সংগৃহীত

ভারতে অবৈধ অনুপ্রবেশের দায়ে সাজাভোগ শেষে সাত বাংলাদেশি নাগরিক সিলেটের তামাবিল স্থলবন্দর দিয়ে দেশে ফিরেছেন।

মঙ্গলবার (৯ জুন) বিকেল ৩টার দিকে সিলেটের গোয়াইনঘাট উপজেলার তামাবিল ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) ও বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) উপস্থিতিতে তাদের বাংলাদেশি কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়।

ফেরত আসা ব্যক্তিরা হলেন সুনামগঞ্জ সদর উপজেলার নইগাঁও এলাকার দুই ভাই মো. মুহিবুর রহমান ও আব্দুল কুদ্দুস, টুকেরবাজার গ্রামের মানিক আহমেদ, চানপুর গ্রামের মো. সুহেল আহমেদ, বনগাঁও গ্রামের মো. আল আমিন, শাল্লা উপজেলার শ্রীহাই গ্রামের বাদশাহ মিয়া এবং সিলেটের গোয়াইনঘাট উপজেলার সংগ্রামপুঞ্জি এলাকার রেস্টলি ব্লাহ।

তামাবিল ইমিগ্রেশন পুলিশ সূত্রে জানা গেছে, তারা বিভিন্ন সময়ে গোয়াইনঘাট সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশ করেছিলেন। পরে ভারতীয় পুলিশ তাদের আটক করে আদালতে সোপর্দ করলে আদালতের নির্দেশে কারাগারে পাঠানো হয়। ভারতের মেঘালয় রাজ্যের শিলং জেলা কারাগারে দীর্ঘদিন সাজাভোগের পর বাংলাদেশ সরকারের আবেদনের প্রেক্ষিতে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া সম্পন্ন করে ভারতীয় ইমিগ্রেশন কর্তৃপক্ষ তাদের দেশে ফেরত পাঠায়।

বিষয়টি নিশ্চিত করে তামাবিল ইমিগ্রেশন পুলিশের ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) মো. বজলুর রশিদ জানান, বিজিবি, বিএসএফ এবং উভয় দেশের পুলিশের উপস্থিতিতে যথাযথ আইনি প্রক্রিয়া অনুসরণ করে সাত বাংলাদেশিকে গ্রহণ করা হয়েছে। পরে তাদের নিজ নিজ আত্মীয়স্বজনের জিম্মায় হস্তান্তর করা হয়।



banner close
banner close