বৃহস্পতিবার

১ অক্টোবর, ২০২৬ ১৬ আশ্বিন, ১৪৩৩

উদ্বোধনের আগেই ফাটল: লালপুরে ২৩ লাখ টাকার সেতু ঘিরে উদ্বেগ।

নাটোর প্রতিনিধি:

প্রকাশিত: ৯ জুন, ২০২৬ ১৬:২৫

শেয়ার

উদ্বোধনের আগেই ফাটল: লালপুরে ২৩ লাখ টাকার সেতু ঘিরে উদ্বেগ।
ছবি সংগৃহীত

নাটোরের লালপুর উপজেলায় প্রায় সাড়ে ২৩ লাখ টাকা ব্যয়ে নির্মাণাধীন একটি সেতু উদ্বোধনের আগেই বড় ধরনের ফাটলে ক্ষতিগ্রস্ত হওয়ায় এলাকায় চরম উদ্বেগ সৃষ্টি হয়েছে। নিম্নমানের নির্মাণসামগ্রী ব্যবহার ও কাজের অনিয়মের অভিযোগ তুলেছেন স্থানীয় বাসিন্দারা।

সরেজমিনে উপজেলার গোপালপুর পৌরসভার চকনাজিরপুর পশ্চিমপাড়া গ্রামে গিয়ে দেখা যায়, ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের অধীনে নির্মিত সেতুটির বিভিন্ন স্থানে স্পষ্ট ফাটল দেখা দিয়েছে। অথচ এখনো সেতুটির নির্মাণকাজ পুরোপুরি শেষ হয়নি। এর মধ্যেই একাধিক স্থানে এমন ফাটল দৃশ্যমান হওয়ায় জনমনে শঙ্কা দানা বেঁধেছে।

স্থানীয়দের অভিযোগ, শুরু থেকেই নির্মাণকাজে নিম্নমানের সামগ্রী ব্যবহার করা হয়েছে এবং যথাযথ তদারকির অভাব ছিল প্রকট। তাদের আশঙ্কা—উদ্বোধনের আগেই যদি এমন অবস্থা হয়, তাহলে ভবিষ্যতে সেতুটি জনসাধারণের জন্য বড় ধরনের ঝুঁকি হয়ে দাঁড়াতে পারে।

জানা গেছে, সেতুটির নির্মাণকাজ পায় ঠিকাদারি প্রতিষ্ঠান ‘হিমেল এন্টারপ্রাইজ’। এ বিষয়ে প্রতিষ্ঠানের স্বত্বাধিকারী শাজাহান আলী দাবি করেন, “ব্রিজের পাশে মাটি ভরাট করতে গিয়ে ভেকুর আঘাতে সেতুর অংশে ফাটল দেখা দিয়েছে। এটি দ্রুত মেরামত করা হবে।”

লালপুর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মাসুদ রানা বলেন, “মাটি ভরাটের সময় ভেকুর আঘাতে ফাটল তৈরি হয়েছে। আজ উর্ধ্বতন কর্মকর্তারা পরিদর্শনে এসে সেতুটি নতুন করে নির্মাণের সিদ্ধান্ত নিয়েছেন।”

এদিকে লালপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. বরকত উল্লাহ জানিয়েছেন, “সেতু নির্মাণে কোনো অনিয়ম হয়ে থাকলে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”

এ ঘটনায় স্থানীয়রা দ্রুত সেতুটির নির্মাণমান যাচাই, দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ এবং প্রয়োজনে সম্পূর্ণ পুনর্নির্মাণের দাবি জানিয়েছেন।