সন্ত্রাসীদের অভয়ারণ্য হিসেবে পরিচিত চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার জঙ্গল সলিমপুর এলাকায় স্থায়ীভাবে প্রশাসনিক নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা ও আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নের লক্ষ্যে সড়ক নির্মাণের উদ্যোগ নিয়েছে সরকার। উচ্চ পর্যায়ের নির্দেশনায় গত বৃহস্পতিবার থেকে বাংলাদেশ সেনাবাহিনীর ৩৪ কনস্ট্রাকশন ব্রিগেড সেখানে সড়ক নির্মাণকাজ শুরু করেছে।
সোমবার (৮ জুন) দুপুরে জঙ্গল সলিমপুরে সড়ক নির্মাণকাজ উপলক্ষে আয়োজিত এক মতবিনিময় সভায় এসব তথ্য জানান ২৬ ইঞ্জিনিয়ার কনস্ট্রাকশন ব্যাটালিয়নের (ইসিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. কামরুল আল মাসুদ।
তিনি জানান, প্রাথমিকভাবে চারটি সড়ক নির্মাণের পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। এর মধ্যে রয়েছে ছিন্নমূল এলাকা থেকে আলীনগর উচ্চ বিদ্যালয় পর্যন্ত একটি সড়ক, আলীনগর-টেক্সটাইল হয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক পর্যন্ত একটি সড়ক, আলীনগর থেকে বাংলাদেশ মিলিটারি একাডেমি (বিএমএ) সংলগ্ন এলাকা হয়ে ভাটিয়ারী-বালুচড়া লিংক রোড হয়ে চট্টগ্রাম-খাগড়াছড়ি মহাসড়কে সংযুক্ত একটি সড়ক এবং জঙ্গল সলিমপুরের অভ্যন্তরে আরও একটি সড়ক।
স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে পর্যাপ্ত সড়ক যোগাযোগের অভাবে জঙ্গল সলিমপুর এলাকা বিভিন্ন সন্ত্রাসী চক্র ও ভূমিদস্যুদের কার্যক্রমের জন্য ঝুঁকিপূর্ণ এলাকায় পরিণত হয়েছিল। দুর্গম পাহাড়ি পথ ও যোগাযোগ ব্যবস্থার সীমাবদ্ধতার কারণে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নিয়মিত অভিযান পরিচালনাও ব্যাহত হতো।
সংশ্লিষ্ট কর্মকর্তাদের মতে, পরিকল্পিত সড়কগুলো নির্মিত হলে এলাকাটিতে আইনশৃঙ্খলা বাহিনীর যাতায়াত ও নজরদারি সক্ষমতা বাড়বে। একই সঙ্গে প্রশাসনিক কার্যক্রম পরিচালনা সহজ হবে এবং দীর্ঘদিনের নিরাপত্তা সংকট মোকাবিলায় কার্যকর ভূমিকা রাখবে।
এ ছাড়া সড়ক অবকাঠামোর উন্নয়নের ফলে স্থানীয় বাসিন্দাদের যোগাযোগ ব্যবস্থা সহজতর হবে এবং এলাকার সামগ্রিক সামাজিক ও অর্থনৈতিক কর্মকাণ্ডেও ইতিবাচক প্রভাব পড়বে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেছেন।
আরও পড়ুন:








