সোমবার

৮ জুন, ২০২৬ ২৪ জ্যৈষ্ঠ, ১৪৩৩

বাঁশখালীতে জমি বিরোধে সংঘর্ষ, প্রবাসফেরত ব্যক্তির পরিবারে হামলার অভিযোগ

বাঁশখালী (চট্টগ্রাম) প্রতিনিধি:

প্রকাশিত: ৭ জুন, ২০২৬ ১৮:৫৪

শেয়ার

বাঁশখালীতে জমি বিরোধে সংঘর্ষ, প্রবাসফেরত ব্যক্তির পরিবারে হামলার অভিযোগ
প্রতীকী ছবি

চট্টগ্রামের বাঁশখালী উপজেলার বৈলছড়ী ইউনিয়নে জমিজমা-সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় চারজন আহত হয়েছেন বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় জান্নাতুল নাঈম নামে এক নারী বাদী হয়ে একই এলাকার দেলোয়ার হোসেন, রফিক আহমদ, রশিদ আহমদ, সাকিবসহ ছয়জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরও কয়েকজনকে আসামি করে বাঁশখালী থানায় এজাহার দায়ের করেছেন।

এজাহার সূত্রে জানা গেছে, উপজেলার বৈলছড়ী ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডে দীর্ঘদিন ধরে একটি পৈত্রিক সম্পত্তি নিয়ে দুই পক্ষের মধ্যে বিরোধ চলে আসছিল। সম্প্রতি প্রবাসফেরত আব্দুর রহিমের পরিবারের দাবি করা জমিতে প্রতিপক্ষ জোরপূর্বক স্থাপনা নির্মাণের চেষ্টা করলে বিষয়টি নিয়ে উত্তেজনা সৃষ্টি হয়। অভিযোগ রয়েছে, এ বিষয়ে স্থানীয়ভাবে সমাধান না হওয়ায় বিষয়টি পুলিশকে অবহিত করা হয় এবং পুলিশ নির্মাণকাজ বন্ধ রাখতে নির্দেশ দেয়।

অভিযোগে বলা হয়, গত শনিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে বৈলছড়ী এলাকায় চলাচলের একটি সড়কে প্রতিপক্ষের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালায়। এ সময় মো. সেলিমকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে ও লোহার রড দিয়ে পিটিয়ে গুরুতর আহত করা হয়। তাঁকে উদ্ধার করতে গেলে আব্দুর রহিম, নবী হোসেন ও নাছির উদ্দীনও হামলার শিকার হন বলে এজাহারে উল্লেখ করা হয়েছে।

বাদীপক্ষের দাবি, হামলায় আব্দুর রহিমের মাথায় গভীর জখম এবং ডান হাতে ভাঙা ধরনের আঘাত লাগে। আহত অন্যদের শরীরের বিভিন্ন অংশেও গুরুতর আঘাতের চিহ্ন রয়েছে।

এজাহারে আরও অভিযোগ করা হয়েছে, হামলার একপর্যায়ে আহত অবস্থায় পড়ে থাকা আব্দুর রহিমের পকেট থেকে নগদ তিন লাখ টাকা ছিনিয়ে নেওয়া হয়। একই সময় ঘটনার ভিডিও ধারণের সময় এক নারীর ব্যবহৃত একটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোনও কেড়ে নেওয়া হয়েছে বলে দাবি করা হয়েছে।

স্থানীয় লোকজন এগিয়ে এলে হামলাকারীরা ঘটনাস্থল ত্যাগ করে বলে অভিযোগ করা হয়। পরে আহতদের বাঁশখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক গুরুতর আহত দুজনকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পাঠান।

ঘটনার পর আহত আব্দুর রহিমের স্ত্রী জান্নাতুল নাইম ছয়জনের নাম উল্লেখ করে বাঁশখালী থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগে আসামিদের বিরুদ্ধে হত্যাচেষ্টা, গুরুতর জখম, লুটপাট ও ভয়ভীতি প্রদর্শনের অভিযোগ আনা হয়েছে।

তবে যোগাযোগের চেষ্টা করেও এ বিষয়ে অভিযুক্ত ব্যক্তিদের বক্তব্য জানা সম্ভব হয়নি।

বাঁশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রবিউল হক বলেন, 'ঘটনার বিষয়ে একটি লিখিত অভিযোগ পাওয়া গেছে। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। কেউ আইন নিজের হাতে তুলে নিলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।'



banner close
banner close