মঙ্গলবার

২৮ জুলাই, ২০২৬ ১৩ শ্রাবণ, ১৪৩৩

সরকারে যোগ দিয়ে ‘ভয়াবহ মূল্য’ দেওয়ার অভিযোগ ফারুকীর

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৭ জুন, ২০২৬ ১৫:৩৫

শেয়ার

সরকারে যোগ দিয়ে ‘ভয়াবহ মূল্য’ দেওয়ার অভিযোগ ফারুকীর
ছবি সংগৃহীত

অন্তর্বর্তী সরকারের সাবেক উপদেষ্টা ও চলচ্চিত্র নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী বলেছেন, ভালো কাজের জন্য মূল্য দিতে হয় জেনেই তিনি সরকারে যুক্ত হওয়ার ঝুঁকি নিয়েছিলেন। তবে সেই মূল্য যে এতটা ভয়াবহ হবে, তা কখনো কল্পনা করেননি।

রোববার (৭ জুন) সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক দীর্ঘ স্ট্যাটাসে তিনি বর্তমান পরিস্থিতি, নিজের পেশাগত জীবন এবং বিভিন্ন বিতর্ক নিয়ে প্রতিক্রিয়া জানান।

স্ট্যাটাসে ফারুকী লেখেন, ভালো কাজের জন্য ‘কাফফারা’ বা মূল্য দিতে হয় জেনেই তিনি সরকারে যোগ দিয়েছিলেন। কিন্তু এখন এমনসব ব্যক্তি তার সম্পর্কে মন্তব্য করছেন, যাদের তিনি আগে কখনো গুরুত্বের সঙ্গে বিবেচনাও করেননি। এসব মন্তব্যের বিষয়ে সাংবাদিকদের প্রতিক্রিয়া জানতে চাওয়ার প্রসঙ্গ তুলে তিনি এটিকে নিজের জন্য এক ধরনের মূল্য পরিশোধ হিসেবে উল্লেখ করেন।

তিনি দাবি করেন, তার বিরুদ্ধে পরিচালিত ‘মিথ্যাচার’ ও ‘সম্মিলিত প্রোপাগান্ডা’ প্রমাণ করে যে তিনি দায়িত্ব পালনে সফল হয়েছেন। একই সঙ্গে তিনি বলেন, অতীতে যেমন মানুষের পক্ষে অবস্থান নিয়েছেন, তেমনি সাম্প্রতিক রাজনৈতিক ঘটনাপ্রবাহেও মানুষের পক্ষেই ছিলেন।

নিজের পেশাগত জীবন সম্পর্কে ফারুকী বলেন, তার পুরো কর্মজীবন বেসরকারি প্রতিষ্ঠাননির্ভর। বিজ্ঞাপন ও টেলিভিশন অঙ্গনে তিনি নিজস্ব স্বাক্ষর ও কাজের ধরন তৈরি করতে পেরেছেন। ফলে তার অর্জন দর্শকদের সমর্থনের ফল এবং কাজ পাওয়ার জন্য কোনো সরকারের দ্বারস্থ হওয়ার প্রয়োজন হয়নি বলে তিনি মন্তব্য করেন।

আওয়ামী লীগ সরকারের সঙ্গে সম্পর্ক নিয়ে দীর্ঘদিনের বিতর্ক প্রসঙ্গে তিনি বলেন, আওয়ামী লীগসহ কোনো সরকারের সঙ্গেই তার ব্যবসায়িক সম্পর্ক ছিল না। সরকারি প্রকল্পে তার প্রতিষ্ঠানের অংশগ্রহণ খুবই সীমিত ছিল এবং সেগুলোর বেশিরভাগই সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের অনুরোধে করা হয়েছে। তার ভাষ্য অনুযায়ী, এসব কাজ তার সামগ্রিক কর্মজীবনের এক শতাংশেরও কম।

ফারুকী আরও বলেন, যেসব বিজ্ঞাপন সংস্থাকে আওয়ামী লীগ সরকারের ঘনিষ্ঠ হিসেবে উল্লেখ করা হয়, সেসব প্রতিষ্ঠানের সঙ্গে তার কাজের পরিমাণও খুব কম। গত দুই দশকে সেখানে হাতে গোনা কয়েকটি কাজ করেছেন বলে তিনি দাবি করেন।

বিজ্ঞাপন অঙ্গনে নিজের ‘বিদ্রোহী’ বা স্বাধীনচেতা স্বভাবের কারণে অনেক সংস্থা তার সঙ্গে কাজ করতে স্বাচ্ছন্দ্যবোধ করত না বলেও মন্তব্য করেন তিনি। তবে কিছু ব্র্যান্ড তার ওপর আস্থা রেখেছে এবং তিনি তাদের জন্য সফল ও আলোচিত কাজ উপহার দিতে পেরেছেন বলে উল্লেখ করেন।

স্ট্যাটাসের শেষাংশে সমালোচকদের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করে ফারুকী বলেন, বিভিন্ন ‘প্রোপাগান্ডার’ জবাব দিতে গিয়ে তাকে অপ্রয়োজনীয় বিষয়ে সময় ব্যয় করতে হচ্ছে, যা তার কাছে বিরক্তিকর বলে মনে হয়েছে।



banner close
banner close