চট্টগ্রামের মিরসরাই উপজেলার জোরারগঞ্জ থানা পুলিশের পৃথক অভিযানে মাদক কারবারি, চোরচক্রের সদস্য, এটিএম কার্ড চুরির অভিযুক্ত ব্যক্তি এবং পরোয়ানাভুক্ত আসামিসহ মোট আটজনকে গ্রেফতার করা হয়েছে। অভিযানে ৬০০ গ্রাম গাঁজা, দুটি চোরাই সিএনজি অটোরিকশা ও একটি চুরি যাওয়া এক্সকাভেটর উদ্ধার করা হয়। শনিবার গ্রেফতারকৃতদের আদালতে পাঠানো হয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, উপজেলার করেরহাট ইউনিয়নের দক্ষিণ অলিনগর এলাকায় অভিযান চালিয়ে ১৩৮ পুরিয়া গাঁজাসহ মাদক কারবারি রাকিব হোসেনকে গ্রেফতার করা হয়। চুরি হওয়া দুটি সিএনজি অটোরিকশা উদ্ধার করে চোরচক্রের সদস্য শাহিন সাজু শহীদ, জাবেদ হোসেন ওরফে রাব্বী এবং সাব্বির হোসেনকে গ্রেফতার করা হয়। এছাড়া মায়ের এটিএম কার্ড চুরি করে দুই লাখ ৫৮ হাজার ৫০০ টাকা আত্মসাতের অভিযোগে সাইদুল ইসলামকে আটক করা হয়। একইসঙ্গে বিভিন্ন মামলার পরোয়ানাভুক্ত আরও তিন আসামিকে গ্রেফতার করা হয়।
পুলিশ জানায়, নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার চর এলাহী এলাকায় অভিযান চালিয়ে জোরারগঞ্জ থানার একটি মামলায় চুরি যাওয়া এক্সকাভেটরটি উদ্ধার করা হয়। তবে পুলিশের উপস্থিতি টের পেয়ে সংশ্লিষ্টরা পালিয়ে যায়।
জোরারগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আব্দুল হালিম জানান, মাদক, চুরি ও অন্যান্য অপরাধ দমনে থানা পুলিশের অভিযান অব্যাহত রয়েছে এবং জননিরাপত্তা নিশ্চিত করতে ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম চলমান থাকবে। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ শেষে আদালতে পাঠানো হয়েছে বলেও তিনি জানান।
আরও পড়ুন:








