সাভারের আল-মুসলিম গ্রুপের পোশাক কারখানায় শ্রমিক ছাঁটাইয়ের ঘটনায় ন্যায্য পাওনার দাবিতে বিক্ষোভ করেছেন শ্রমিকরা। শনিবার সকালে ঢাকা-আরিচা মহাসড়কের সাভার উলাইল বাসস্ট্যান্ডে আল-মুসলিম পোশাক কারখানার প্রধান ফটকের সামনে এ বিক্ষোভ অনুষ্ঠিত হয়।
আন্দোলনরত শ্রমিকরা জানান, সকালে কাজে যোগ দিতে এসে তারা ছাঁটাইয়ের নোটিশ দেখতে পান। কারখানা কর্তৃপক্ষ ছাঁটাইকৃত শ্রমিকদের এক মাসের বেতন পরিশোধ করেছে। তবে শ্রমিকদের দাবি, শ্রম আইনের ২৬ ধারা অনুযায়ী তিন মাসের বেতন পরিশোধ করতে হবে। অবিলম্বে দাবি না মানলে আরো কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন তারা।
১৩ বছর ধরে কারখানায় সুইং অপারেটর হিসেবে কর্মরত আফানুর জানান, মোবাইলে বার্তা পাঠিয়ে তাকে ছাঁটাই করা হয়েছে। সকালে কাজে এলে কর্তৃপক্ষ কারখানায় ঢুকতে দেয়নি। একই অভিযোগ করেন সাত বছর ধরে কর্মরত রোজিনা আক্তার, দুই বছর পাঁচ মাস ধরে কর্মরত মো. রকিবুল্লাহ এবং ট্রেনিং সেন্টার থেকে সদ্য লাইনে আসা আছিয়া আক্তার।
আল-মুসলিম গ্রুপের উপমহাব্যবস্থাপক (প্রশাসন) মো. আবু রায়হান জানান, শ্রম আইনের ২০ ধারা অনুযায়ী শ্রমিকদের ছাঁটাই করা হয়েছে এবং এক মাসের বেতন পরিশোধ করা হয়েছে। তিন মাসের বেতন পরিশোধের বিষয়ে তারা রাজি নন।
আশুলিয়া শিল্প পুলিশ-১-এর পুলিশ সুপার মোমিনুল ইসলাম ভূঁইয়া জানান, পুলিশ ঘটনাস্থলে গিয়ে শ্রমিকদের শান্ত করেছে এবং মালিকপক্ষের সঙ্গে আলোচনার পর মালিকপক্ষ শ্রমিকদের দাবি মেনে নিয়েছে।
উল্লেখ্য, আল-মুসলিম গ্রুপ তাদের তিনটি কারখানার মোট ১ হাজার ৮৬৮ জন কর্মীকে ছাঁটাই করেছে। এর মধ্যে সাভার উলাইলের এ কে এম নিটওয়্যার লিমিটেড থেকে ১ হাজার ২৮৬ জন, রেডিও কলোনির প্যাসিফিক ব্লু জিন্স ওয়্যার থেকে ৫২৯ জন এবং আশুলিয়ার আল-মুসলিম অ্যাপারেলস থেকে ৫৩ জন কর্মী রয়েছেন।
আরও পড়ুন:






.jpg)

