পঞ্চগড়ের বড়বাড়ি প্রধানপাড়া সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) কর্তৃক ভারতীয় নাগরিকদের বাংলাদেশে পুশ-ইনের চেষ্টাকে কেন্দ্র করে সীমান্ত এলাকায় উত্তেজনা বিরাজ করছে। এ ঘটনায় সীমান্তে সতর্ক অবস্থান নিয়েছে বাংলাদেশ বর্ডার গার্ড (বিজিবি) এবং স্থানীয় বাসিন্দারাও পরিস্থিতির ওপর নজর রাখছেন।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বিএসএফের পুশ-ইনের চেষ্টা বিজিবি প্রতিহত করেছে। তবে এরই মধ্যে ১০ জনকে বাংলাদেশে ঠেলে পাঠানো হয়েছে বলে জানা গেছে। ঘটনাটি ঘিরে সীমান্ত এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে এবং বিজিবি পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে।
উদ্ভূত পরিস্থিতিতে বিজিবি ও বিএসএফের মধ্যে কয়েক দফা ফ্ল্যাগ মিটিং অনুষ্ঠিত হয়েছে। বৈঠকে বিজিবি স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে, অবৈধভাবে কোনো ব্যক্তিকে বাংলাদেশে পুশ-ইনের চেষ্টা গ্রহণযোগ্য নয় এবং এ ধরনের কর্মকাণ্ড আন্তর্জাতিক সীমান্ত ব্যবস্থাপনার নীতিমালার পরিপন্থী।
অন্যদিকে বিএসএফ সংশ্লিষ্ট ব্যক্তিদের ফেরত নিতে অনাগ্রহ প্রকাশ করেছে বলে জানা গেছে। ফলে বিষয়টি নিয়ে সীমান্ত এলাকায় উদ্বেগ ও অনিশ্চয়তা তৈরি হয়েছে।
স্থানীয় বাসিন্দারা সীমান্ত পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করলেও বিজিবি সর্বোচ্চ সতর্কতা বজায় রেখে দায়িত্ব পালন করছে। সীমান্তের নিরাপত্তা, আইনশৃঙ্খলা এবং দেশের সার্বভৌমত্ব রক্ষায় বাহিনীটি প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ অব্যাহত রেখেছে।
আরও পড়ুন:








