উত্তরবঙ্গের প্রবেশদ্বার যমুনা সেতুর ঢাকামুখী লেনে দুটি বাসের মুখোমুখি সংঘর্ষে একজন নিহত ও অন্তত সাতজন আহত হয়েছেন। দুর্ঘটনার পর সেতুর পশ্চিম পাড়ে সিরাজগঞ্জ মহাসড়কে প্রায় ১৫ কিলোমিটার এলাকাজুড়ে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।
শুক্রবার (৫ জুন) রাত ৯টার দিকে সেতুর ৭ নম্বর পিলারের কাছে ঢাকাগামী একটি বাসের পেছনে দ্রুতগতির আরেকটি বাস সজোরে ধাক্কা দেয়। প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, ধাক্কায় ঘটনাস্থলেই একজন নিহত হন এবং সাতজন আহত হন। আহতদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে। তাৎক্ষণিকভাবে নিহত ব্যক্তির পরিচয় জানা যায়নি।
যমুনা সেতু পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আমিরুল ইসলাম জানান, সেতুর ৭ নম্বর পিলারের কাছে এক বাস আরেক বাসকে পেছন থেকে ধাক্কা দিলে একজন নিহত ও সাতজন আহত হন। দুর্ঘটনার কারণে সেতুর ওপর সাময়িকভাবে যান চলাচল বন্ধ রয়েছে এবং উদ্ধার কাজ শেষ হলে পরিস্থিতি স্বাভাবিক হবে বলে তিনি জানান।
দুর্ঘটনার পর সেতু কর্তৃপক্ষ রেকার এনে ক্ষতিগ্রস্ত যানবাহন সরানোর কাজ শুরু করে। উদ্ধার কার্যক্রম অব্যাহত রয়েছে বলে জানা গেছে।
ঈদযাত্রার ব্যস্ত সময়ে এ দুর্ঘটনায় সেতুর উভয় প্রান্তে অসংখ্য যানবাহন আটকা পড়ে শত শত যাত্রী চরম ভোগান্তিতে পড়েছেন।
আরও পড়ুন:








