শুক্রবার

৫ জুন, ২০২৬ ২২ জ্যৈষ্ঠ, ১৪৩৩

সুপারির ডাটায় কৌশলে ইয়াবা পাচার, মিরসরাইয়ে আটক তিন

মিরসরাই প্রতিনিধি :

প্রকাশিত: ৫ জুন, ২০২৬ ১৮:৫৯

শেয়ার

সুপারির ডাটায় কৌশলে ইয়াবা পাচার, মিরসরাইয়ে আটক তিন
ছবি: সংগৃহীত

চট্টগ্রামের মিরসরাইয়ে জোরারগঞ্জ থানা পুলিশের পৃথক দুই অভিযানে ২ হাজার ৩১২ পিস ইয়াবাসহ তিন মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে। শুক্রবার তাদের চট্টগ্রাম আদালতে প্রেরণ করা হয়।

আটককৃতরা হলেন কক্সবাজার জেলার টেকনাফ উপজেলার মোহাম্মদ আইয়ুবের ছেলে মোহাম্মদ আয়াস, পাবনা জেলার আমিনপুর থানার জাহিদুল শেখের ছেলে জাফর ইকবাল এবং তার স্ত্রী মোছাম্মত জুথী।

পুলিশ জানায়, শুক্রবার ভোরে উপজেলার বারইয়ারহাট পৌরসভার উত্তর সোনাপাহাড় এলাকায় ট্রাফিক পুলিশ বক্সের সামনে অভিযান চালিয়ে মোহাম্মদ আয়াসকে আটক করা হয়। এ সময় সুপারির ছড়ার সাতটি ডাটার ভেতরে বিশেষ কৌশলে আঠা দিয়ে লুকিয়ে রাখা পলিথিন মোড়ানো ১ হাজার ৩১২ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

অপরদিকে গোপন সংবাদের ভিত্তিতে জোরারগঞ্জ থানার চেকপোস্টে ঢাকাগামী রয়েল কোচ সার্ভিসের একটি যাত্রীবাহী বাসে তল্লাশি চালানো হয়। এ সময় পারিবারিক কাপড়-চোপড় বহনের একটি লাগেজের ভেতরে স্ক্রু দিয়ে আটকানো গোপন স্থানে রাখা ১ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এ ঘটনায় জাফর ইকবাল ও তার স্ত্রী মোছাম্মত জুথীকে আটক করা হয়।

জোরারগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল হালিম বলেন, মাদকের বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। পৃথক দুই অভিযানে মোট ২ হাজার ৩১২ পিস ইয়াবাসহ তিনজনকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে আদালতে প্রেরণ করা হয়েছে।



banner close
banner close