শনিবার

২৯ আগস্ট, ২০২৬ ১৪ ভাদ্র, ১৪৩৩

আর্জেন্টিনা সমর্থকদের জন্য আইনজীবীর বিশেষ অফার

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৫ জুন, ২০২৬ ০৫:৪০

আপডেট: ৭ জুন, ২০২৬ ২০:২১

শেয়ার

আর্জেন্টিনা সমর্থকদের জন্য আইনজীবীর বিশেষ অফার
ছবি সংগৃহীত

ফুটবল বিশ্বকাপকে ঘিরে আর্জেন্টিনা সমর্থকদের জন্য বিশেষ অফারের ঘোষণা দিয়েছেন আইনজীবী মিঠুন সাহা। বিশ্বকাপ চলাকালে তার চেম্বারে আর্জেন্টিনার জার্সি পরে আসা ক্লায়েন্টদের জন্য বিশেষ সুবিধা রাখার কথা জানিয়েছেন তিনি।

শুক্রবার ভোরে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে মিঠুন সাহা এ ঘোষণা দেন। তিনি জানান, ফুটবল বিশ্বকাপের আনন্দকে আরও উপভোগ্য করে তুলতে এবং সমর্থকদের সঙ্গে উৎসবের আমেজ ভাগাভাগি করতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে।

ঘোষণার পর বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। অনেক ব্যবহারকারী এটিকে বিশ্বকাপ উন্মাদনার একটি ব্যতিক্রমী উদাহরণ হিসেবে উল্লেখ করেছেন। একই সঙ্গে আইনসেবার ক্ষেত্রে এমন উদ্যোগকে অভিনব বলেও মন্তব্য করেছেন অনেকে।

জানা গেছে, মিঠুন সাহার চেম্বার ঢাকার বনশ্রীর মেরাদিয়া এলাকায় অবস্থিত। তার চেম্বারের নির্ধারিত সময়সূচি অনুযায়ী, শুক্র ও শনিবার সকাল ৯টা থেকে রাত ১১টা ৩০ মিনিট পর্যন্ত এবং সপ্তাহের অন্যান্য দিন বিকেল ৪টা থেকে রাত ১১টা ৩০ মিনিট পর্যন্ত তিনি সেবা প্রদান করেন।

এ বিষয়ে মিঠুন সাহা বলেন, বিশ্বকাপ উপলক্ষে ফুটবলপ্রেমীদের মধ্যে যে আনন্দ-উচ্ছ্বাস তৈরি হয়েছে, তার সঙ্গে সম্পৃক্ত হওয়ার উদ্দেশ্যে তিনি এই বিশেষ অফারের ব্যবস্থা করেছেন। তার মতে, খেলাধুলা মানুষকে একত্রিত করে এবং পারস্পরিক সৌহার্দ্য বৃদ্ধি করে। এই উদ্যোগের মূল উদ্দেশ্য বিশ্বকাপের আনন্দ ভাগাভাগি করা এবং ফুটবলপ্রেমীদের মধ্যে ইতিবাচক বার্তা ছড়িয়ে দেওয়া।

এর আগে পটুয়াখালীর চিকিৎসক ডা. মো. হাবিবুর রহমান আর্জেন্টিনার জার্সি পরে চিকিৎসা নিতে আসা রোগীদের জন্য ভিজিট ফি অর্ধেক নেওয়ার ঘোষণা দিয়ে আলোচনায় আসেন। সেই ধারাবাহিকতায় এবার আইনজীবী মিঠুন সাহার ঘোষণাও সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক সাড়া ফেলেছে।

সামাজিক যোগাযোগমাধ্যমে অনেকেই তার পোস্ট শেয়ার করে প্রতিক্রিয়া জানিয়েছেন। তাদের মতে, বিশ্বকাপ উপলক্ষে বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান ও সেবাদাতারা নানা ধরনের অফার দিয়ে থাকলেও একজন আইনজীবীর পক্ষ থেকে এমন উদ্যোগ তুলনামূলকভাবে ব্যতিক্রমী।