শনিবার

২৯ আগস্ট, ২০২৬ ১৪ ভাদ্র, ১৪৩৩

দিল্লির অগ্নিকাণ্ডে প্রাণ গেল চৌদ্দগ্রামের সোহাগের

কুমিল্লা প্রতিনিধি

প্রকাশিত: ৫ জুন, ২০২৬ ১৬:২৮

শেয়ার

দিল্লির অগ্নিকাণ্ডে প্রাণ গেল চৌদ্দগ্রামের সোহাগের
ছবি সংগৃহীত

ভারতের রাজধানী নয়া দিল্লিতে একটি আবাসিক হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ডে কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার বাসিন্দা নূরুল আমিন সোহাগ (৪০) নিহত হয়েছেন। বুধবার সকালে দিল্লির মালবীয় নগরের হাউজ রানি এলাকায় অবস্থিত পাঁচতলা ‘বেড অ্যান্ড ব্রেকফাস্ট’ হোটেলে এ দুর্ঘটনা ঘটে।

নিহত নূরুল আমিন সোহাগ উপজেলার চিওড়া ইউনিয়নের সাঙ্গীশ্বর গ্রামের আব্দুস সোবহানের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, চিকিৎসার জন্য ছোট বোন ও ভগ্নিপতিকে নিয়ে ভারতের রাজধানী নয়া দিল্লিতে গিয়েছিলেন সোহাগ। বুধবার সকালে মালবীয় নগরের একটি আবাসিক হোটেলে সিলিন্ডার গ্যাস বিস্ফোরণের পর অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে সোহাগ নিহত হন।

এ সময় তার ছোট বোন ও ভগ্নিপতিও গুরুতর অগ্নিদগ্ধ হন। তারা বর্তমানে দিল্লির ম্যাক্স হাসপাতালে আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন।

পরিবার সূত্রে জানা গেছে, নিহত সোহাগের মরদেহ গ্রহণের জন্য বাংলাদেশ সরকারের সহযোগিতায় স্বজনরা ইতোমধ্যে সেখানে পৌঁছেছেন। প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর আগামী রোববার অথবা সোমবার তার মরদেহ দেশে আনা হতে পারে।

সোহাগের মৃত্যুর খবরে পরিবার ও এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।