শনিবার

২৯ আগস্ট, ২০২৬ ১৪ ভাদ্র, ১৪৩৩

আর্জেন্টিনার জার্সি পরা রোগীকে অর্ধেক ফিতে চিকিৎসা দেওয়ার ঘোষণা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৫ জুন, ২০২৬ ১৪:৩২

আপডেট: ৫ জুন, ২০২৬ ১৪:৩৩

শেয়ার

আর্জেন্টিনার জার্সি পরা রোগীকে অর্ধেক ফিতে চিকিৎসা দেওয়ার ঘোষণা
ছবি সংগৃহীত

ফুটবল বিশ্বকাপের উন্মাদনাকে কেন্দ্র করে ব্যতিক্রমী এক উদ্যোগ নিয়েছেন পটুয়াখালীর একজন চিকিৎসক। বিশ্বকাপ চলাকালীন আর্জেন্টিনার জার্সি পরে চেম্বারে আসা রোগীদের অর্ধেক ভিজিট ফিতে চিকিৎসাসেবা দেওয়ার ঘোষণা দিয়েছেন পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালের অ্যানেস্থেশিয়া বিভাগের সহকারী অধ্যাপক ডা. মো. হাবিবুর রহমান।

বৃহস্পতিবার বিকেলে নিজের যাচাইকৃত ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে তিনি এই ঘোষণা দেন। ঘোষণা অনুযায়ী, পটুয়াখালী শহরের কাজীপাড়ায় অবস্থিত গ্রিনভিউ হাসপাতালে তার চেম্বারে আর্জেন্টিনার জার্সি পরে আসা রোগীদের কাছ থেকে নিয়মিত ৬০০ টাকার পরিবর্তে মাত্র ৩০০ টাকা ভিজিট ফি নেওয়া হবে। এই সুবিধা পুরো বিশ্বকাপ আসর চলাকালীন বহাল থাকবে।

ডা. হাবিবুর রহমান জানান, দীর্ঘদিন ধরে আর্জেন্টিনা জাতীয় ফুটবল দলের সমর্থক হিসেবে বিশ্বকাপ উপলক্ষে এই আনন্দকে ভিন্নভাবে উদযাপন করার ইচ্ছা থেকেই এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে। তিনি আরও জানান, এটি আর্জেন্টিনা সমর্থকদের প্রতি তার পক্ষ থেকে একটি শুভেচ্ছা। এই বিশেষ ছাড়ের কারণে চিকিৎসাসেবার মানে কোনো পরিবর্তন আসবে না এবং ফুটবলপ্রেমীদের মধ্যে উৎসবের আবহ আরও বিস্তৃত হবে বলে তিনি প্রত্যাশা ব্যক্ত করেন।

পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে অ্যানেস্থেশিয়া বিভাগে কর্মরত থাকার পাশাপাশি ডা. হাবিবুর রহমান ব্যথা ব্যবস্থাপনা বিষয়ে বেসরকারি চেম্বারে চিকিৎসাসেবা প্রদান করে আসছেন।

ফেসবুকে পোস্টটি প্রকাশের পর ব্যাপক সাড়া পড়েছে। একটি অংশ বিষয়টিকে বিশ্বকাপ উদযাপনের মজাদার প্রকাশ হিসেবে দেখছেন, আরেকটি অংশ চিকিৎসাসেবার সঙ্গে ক্রীড়াপ্রেমের এই সংযোগকে অভিনব উদ্যোগ হিসেবে মন্তব্য করেছেন।