শুক্রবার

৫ জুন, ২০২৬ ২২ জ্যৈষ্ঠ, ১৪৩৩

বহুলীতে কিশোর গ্যাংবিরোধী প্রতিবাদ সভা অনুষ্ঠিত

সিরাজগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ৫ জুন, ২০২৬ ১২:৫৫

আপডেট: ৫ জুন, ২০২৬ ১৩:০৫

শেয়ার

বহুলীতে কিশোর গ্যাংবিরোধী প্রতিবাদ সভা অনুষ্ঠিত
ছবি বাংলা এডিশন

সিরাজগঞ্জ সদর উপজেলার ৩ নম্বর বহুলী ইউনিয়নে কথিত কিশোর গ্যাংয়ের প্রতিষ্ঠাতা বাবু মিয়া ও গ্যাং প্রধান রিজভীকে গ্রেফতারের দাবিতে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার দুপুরে উপজেলার ডুমুর ইছা (হাটখোলা) এলাকায় স্থানীয় যুবসমাজ, মুরুব্বি ও সাধারণ মানুষের উদ্যোগে এ প্রতিবাদ সভার আয়োজন করা হয়।

সভায় বক্তারা অভিযোগ করেন, বাবু মিয়ার ছত্রছায়ায় গড়ে ওঠা একটি কিশোর গ্যাং দীর্ঘদিন ধরে এলাকায় সন্ত্রাস, চাঁদাবাজি এবং বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড পরিচালনা করে আসছে। এসব কর্মকাণ্ডের কারণে স্থানীয় বাসিন্দাদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে এবং এলাকার স্বাভাবিক ও শান্তিপূর্ণ পরিবেশ বিঘ্নিত হচ্ছে বলে তারা দাবি করেন।

প্রতিবাদ সভায় চেয়ারম্যান পদপ্রার্থী ইমাজ উদ্দিন তালুকদার শুভ বলেন, বহুলী ইউনিয়নে কোনো ধরনের সন্ত্রাস, চাঁদাবাজি ও কিশোর গ্যাংয়ের অপতৎপরতা মেনে নেওয়া হবে না। যারা যুবসমাজকে ধ্বংসের পথে ঠেলে দিচ্ছে, তাদের বিরুদ্ধে প্রশাসনকে দ্রুত ও কার্যকর ব্যবস্থা নিতে হবে।

তিনি আরও বলেন, এলাকার শান্তি-শৃঙ্খলা রক্ষায় সকলকে ঐক্যবদ্ধ হয়ে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে হবে। বহুলী ইউনিয়নকে সন্ত্রাস ও মাদকমুক্ত এলাকা হিসেবে গড়ে তুলতে সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে।

সভায় বক্তব্য দেন ডুমুর ইছা গ্রামের যুবসমাজের নেতা মো. সোহেল রানা, আদর্শ গ্রামের শহিদুল ইসলাম, স্থানীয় যুবদল নেতা মাহিম, তরিকুল ইসলামসহ এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

বক্তারা দ্রুত বাবু মিয়া ও রিজভীকে গ্রেফতারের দাবি জানান এবং কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে প্রশাসনের কঠোর অভিযান পরিচালনার আহ্বান জানান। সভা শেষে এলাকাবাসী বহুলী ইউনিয়নে শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে এবং অপরাধ প্রতিরোধে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।



banner close
banner close