চিকিৎসার অর্থের অভাবে ধীরে ধীরে নিভে যাচ্ছে এক তরুণের জীবনের প্রদীপ। কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার চিওড়া ইউনিয়নের রামপুর গ্রামের মরহুম মোস্তফা মিয়া ও বানু বেগমের পাঁচ সন্তানদের মধ্যে তৃতীয় সন্তান কোরআনের হাফেজ ইমাম হোসেন বেলাল (২৮)। দারিদ্র পরিবারের জন্ম নেয়া হাফেজ ইমাম হোসেন বেলাল বর্তমানে গুরুতর লিভার রোগে আক্রান্ত হয়ে জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে দিন কাটাচ্ছেন।
পরিবার ও স্বজনদের সূত্রে জানা যায়, চলতি বছরের মার্চ মাসের মাঝামাঝি সময়ে হঠাৎ তীব্র পেটব্যথা অনুভব করলে তাকে প্রথমে চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরবর্তীতে উন্নত চিকিৎসার জন্য কুমিল্লা এবং পরে ঢাকায় বিভিন্ন হাসপাতালে চিকিৎসা করানো হয়। সেখানে বিশেষজ্ঞ চিকিৎসকরা পরীক্ষা-নিরীক্ষার পর জানান, তার লিভার প্রায় অকার্যকর হয়ে পড়েছে। বেঁচে থাকার জন্য দ্রুত লিভার প্রতিস্থাপন (লিভার ট্রান্সপ্লান্ট) প্রয়োজন, যার জন্য বিপুল পরিমাণ অর্থের দরকার।
বাবা-মা হারানো হাফেজ ইমাম হোসেন বেলালের পক্ষে এত ব্যয়বহুল চিকিৎসার খরচ বহন করা সম্ভব হচ্ছে না। তার স্বজনরাও আর্থিকভাবে অসচ্ছল হওয়ায় প্রয়োজনীয় অর্থ জোগাড় করতে হিমশিম খাচ্ছেন।
এদিকে একজন তরুণ হাফেজের এমন করুণ অবস্থা দেখে এলাকাবাসী, প্রতিবেশী ও তার বড় বোনেরা চোখের জল ফেলছেন। তারা সমাজের বিত্তবান ব্যক্তি, জনপ্রতিনিধি, প্রবাসী ও মানবিক সংগঠনগুলোর প্রতি এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন।
স্বাভাবিক জীবনে ফিরে এসে আবারও দ্বীনি খেদমতে নিজেকে নিয়োজিত করতে চান হাফেজ ইমাম হোসেন বেলাল। তার পরিবার ও স্বজনরা মানবিক সহায়তার জন্য দেশ-বিদেশের হৃদয়বান মানুষের সহযোগিতা কামনা করেছেন।
আরও পড়ুন:








