বৃহস্পতিবার

৪ জুন, ২০২৬ ২১ জ্যৈষ্ঠ, ১৪৩৩

সাভারে নিষিদ্ধ ঘোষিত সংগঠনের দুই নেতা-কর্মী গ্রেফতার

সাভার (ঢাকা) প্রতিনিধি

প্রকাশিত: ৪ জুন, ২০২৬ ১৯:২২

শেয়ার

সাভারে নিষিদ্ধ ঘোষিত সংগঠনের দুই নেতা-কর্মী গ্রেফতার
ছবি সংগৃহীত

ঢাকার সাভারে বিশেষ অভিযানে কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠন ছাত্রলীগের দুই নেতা-কর্মীকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। বুধবার (৩ জুন) গভীর রাতে সাভার মডেল থানা এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন, বাংলাদেশ ছাত্রলীগের ঢাকা জেলা (উত্তর) শাখার সাংগঠনিক সম্পাদক এবং সাবেক সাভার পৌর ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক এনামুল হক শামীম (২৭) এবং সাভারের তেতুলঝোড়া ইউনিয়ন ছাত্রলীগের সক্রিয় কর্মী মো. জীবন মোল্লা (২৫)।

পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত অভিযানে তাদের গ্রেফতার করা হয়। প্রাথমিক যাচাই-বাছাই শেষে তাদের বিরুদ্ধে থাকা মামলার তথ্য পর্যালোচনা করা হয়। এর মধ্যে মো. জীবন মোল্লার বিরুদ্ধে পূর্বেও একটি মামলা রয়েছে বলে জানা গেছে।

আইনশৃঙ্খলা বাহিনীর তথ্যমতে, গ্রেফতারকৃত দুইজনকে আশুলিয়া থানায় দায়ের করা একটি হত্যা মামলায় গ্রেফতার দেখানো হয়েছে। ২০২৪ সালের ২৫ নভেম্বর দায়ের হওয়া ওই মামলায় দণ্ডবিধির ১৪৭, ১৪৮, ১৪৯, ৩০২, ১১৪ ও ৩৪ ধারায় অভিযোগ আনা হয়েছে।

পরবর্তী আইনগত প্রক্রিয়া সম্পন্ন করে তাদের আদালতে সোপর্দ করা হয়েছে।

পুলিশ জানিয়েছে, সন্ত্রাস, নাশকতা ও বিভিন্ন গুরুতর অপরাধে জড়িত অভিযুক্তদের আইনের আওতায় আনতে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। জননিরাপত্তা নিশ্চিত করতে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।



banner close
banner close