চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে বাঙ্গাবাড়ি সীমান্তে ২৮ জনকে পুশইনের চেষ্টা করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।
বুধবার দিনগত রাত ৩টার দিকে ভারতীয় ভূখণ্ড থেকে তাদের বাংলাদেশের দিকে ঠেলে পাঠানো হয়। তবে বিজিবি সদস্যদের প্রতিরোধের মুখে তারা বাংলাদেশে প্রবেশ করতে পারেননি।
বৃহস্পতিবার বিজিবির ১৬ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ আরিফুল ইসলাম মাসুম এ তথ্য নিশ্চিত করেছেন।
বিজিবি অধিনায়ক জানান, পুশইন করা ২৮ জনের মধ্যে ১২ জন পুরুষ, ১০ জন নারী ও ছয় শিশু রয়েছে। রাতে বাঙ্গাবাড়ি সীমান্তের ২০৩/৬-আর পিলার সংলগ্ন এলাকা দিয়ে তাদের বাংলাদেশের দিকে ঠেলে পাঠান ১২ বিএসএফ ব্যাটালিয়নের আশরাফপুর ক্যাম্পের সদস্যরা। খবর পেয়ে বিজিবি সদস্যরা তাদের অবস্থান নিশ্চিত করেন এবং বাংলাদেশ ভূখণ্ডে প্রবেশরোধে কঠোর অবস্থান নেন।
বর্তমানে ওই ২৮ জন সীমান্তের শূন্যরেখায় অবস্থান করছেন। বিজিবি তাদের ফিরে যাওয়ার জন্য অনুরোধ করছে। তারা ফিরে না গেলে পুশব্যাকের চেষ্টা করা হবে।
বিজিবি অধিনায়ক আরও বলেন, এমন পরিস্থিতিতে সীমান্তের ওপারে বিএসএফের চৌকিগুলোতে জনবল বাড়ানো হয়েছে বলে খবর পেয়েছেন। এপারে বিজিবিও টহল জোরদারসহ সীমান্তে নজরদারি বাড়িয়েছে।
বৃহস্পতিবার দুপুর ১২টায় উভয় পক্ষের পতাকা বৈঠক অনুষ্ঠিত হলেও বিষয়টি মীমাংসা হয়নি। এ নিয়ে সীমান্তে উত্তেজনা বিরাজ করছে।
এর আগে যশোরের বেনাপোল সীমান্তের শূন্যরেখায় পুশইনের উদ্দেশ্যে অন্তত ১০ জনকে জড়ো করা হয়। তবে বিজিবির বাধায় তিন দিন পর মঙ্গলবার বিকেলে তাদের সরিয়ে নিতে বাধ্য হয় বিএসএফ।
আরও পড়ুন:








