বৃহস্পতিবার

৪ জুন, ২০২৬ ২১ জ্যৈষ্ঠ, ১৪৩৩

কুমিল্লার চৌদ্দগ্রামে মাদকসেবীদের হামলার প্রতিবাদে মানববন্ধন, গ্রেপ্তারের দাবি

কুমিল্লা প্রতিনিধি

প্রকাশিত: ৪ জুন, ২০২৬ ১৫:১৬

শেয়ার

কুমিল্লার চৌদ্দগ্রামে মাদকসেবীদের হামলার প্রতিবাদে মানববন্ধন, গ্রেপ্তারের দাবি
ছবি: সংগৃহীত

কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার মুন্সিরহাট ইউনিয়নের যাত্রাপুর গ্রামে মাদকসেবীদের দফায় দফায় হামলায় ৮ জন আহত হওয়ার ঘটনায় প্রতিবাদ ও জড়িতদের দ্রুত গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন করেছে স্থানীয় এলাকাবাসী।

বৃহস্পতিবার দুপুরে যাত্রাপুর গ্রামে আয়োজিত মানববন্ধনে গ্রামবাসী, বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক ব্যক্তিবর্গ অংশ নেন। মানববন্ধনে বক্তব্য রাখেন সাবেক ছাত্রনেতা শাখাওয়াত হোসেন শামীম, বিএনপি নেতা মীর আলমগীর হোসেন, এমদাদুল হক সোহেল, শরিফুল ইসলাম, জামিম শাহ, সাদ্দাম হোসেন ও কামরুজ্জামান সোহাগসহ অনেকে।

বক্তারা অভিযোগ করেন, গত ১ জুন যাত্রাপুর গ্রামের শাহজাহান মিয়ার বাড়িতে মাদকসেবনের সময় স্থানীয়রা চারজনকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেন। পরে পুলিশ তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিয়ে আদালতে প্রেরণ করলে তারা জামিনে মুক্ত হয়ে আসে।

অভিযোগ অনুযায়ী, জামিনে বের হওয়ার পর অভিযুক্তরা প্রতিশোধপরায়ণ হয়ে মঙ্গলবার প্রথমে উপজেলা কমপ্লেক্সের সামনে দুই যুবকের ওপর হামলা চালায়। পরে যাত্রাপুর গ্রামে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে আবারও হামলা করে কয়েকজনকে পিটিয়ে ও কুপিয়ে আহত করে। এসব ঘটনায় মোট ৮ জন আহত হন।

এ ঘটনায় আহতদের পরিবারের পক্ষ থেকে ৯ জনকে আসামি করে চৌদ্দগ্রাম মডেল থানায় মামলা দায়ের করা হয়েছে। তবে মামলা হওয়ার পরও অভিযুক্তদের গ্রেপ্তার না হওয়ায় ভুক্তভোগী পরিবার ও এলাকাবাসীর মধ্যে উদ্বেগ ও নিরাপত্তাহীনতা বিরাজ করছে বলে মানববন্ধনে জানানো হয়।

মানববন্ধনে বক্তারা অবিলম্বে হামলাকারীদের গ্রেফতার, দৃষ্টান্তমূলক শাস্তি এবং এলাকাবাসীর নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানান।



banner close
banner close