পটুয়াখালীর কুয়াকাটায় ভাড়া বাসা থেকে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ।
মঙ্গলবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের পাঞ্জুপাড়া থেকে এ লাশ উদ্ধার করা হয়।
মৃত সাইয়েদুল আবেদীন বরগুনা জেলার তালতলী উপজেলা সদরের বাসিন্দা আব্দুস সালাম জোয়াদ্দারের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সাইয়েদুল ২০ দিন ধরে দ্বিতীয় স্ত্রী আয়েশাকে নিয়ে কুয়াকাটা পৌরসভার পাঞ্জুপাড়ার একটি সেমিপাকা বাসায় ভাড়া থাকতেন। আয়েশার বাড়ি লতাচাপলী ইউনিয়নের মম্বিপাড়া গ্রামে। তিনি প্রায় এক বছর আগে বৌদ্ধ ধর্ম ত্যাগ করে ইসলাম ধর্ম গ্রহণ করেন এবং সাইয়েদুলের সঙ্গে বিবাহহবন্ধনে আবদ্ধ হন। তার আগের নাম ছিল তানছি।
ঘটনার দিন সন্ধ্যায় বাসায় এসে স্ত্রী আয়েশাকে মারধর ও গালাগাল করেন সাইয়েদুল। রাতের খাবার খাওয়ার পর তাদের মধ্যে আবারও পারিবারিক কলহ শুরু হয়। একপর্যায়ে রাত ১০টার দিকে তিনি স্ত্রীকে ঘরের বাইরে বের করে দিয়ে ভেতর থেকে দরজা বন্ধ করে দেন।
দীর্ঘ সময় পার হলেও ভেতর থেকে কোনো সাড়া-শব্দ না পেয়ে স্ত্রী ও প্রতিবেশীরা দরজায় ধাক্কাধাক্কি করেন। কোনো উপায় না পেয়ে পুলিশকে খবর দেয়া হয়। পরে পুলিশ এসে লাশ উদ্ধার করে।
মহিপুর থানার ওসি (তদন্ত) অনিমেষ হালদার জানান, পুলিশ দ্রুত দরজা ভেঙে ওই ব্যক্তিকে ঝুলন্ত অবস্থায় উদ্ধার করে। হাসপাতালে নেয়ার পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। লাশ ময়নাতদন্তের জন্য পটুয়াখালী মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে। এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।
আরও পড়ুন:








