মঙ্গলবার

৯ জুন, ২০২৬ ২৬ জ্যৈষ্ঠ, ১৪৩৩

জন্মনিবন্ধন সংশোধনে অতিরিক্ত টাকা দাবি, দুই ইউপি উদ্যোক্তাকে জরিমানা

রাজবাড়ী প্রতিনিধিঃ

প্রকাশিত: ৩ জুন, ২০২৬ ১২:৫০

শেয়ার

জন্মনিবন্ধন সংশোধনে অতিরিক্ত টাকা দাবি, দুই ইউপি উদ্যোক্তাকে জরিমানা
ছবি সংগৃহীত

রাজবাড়ীর কালুখালী উপজেলায় জন্মনিবন্ধন সংশোধনের নামে সরকার নির্ধারিত ফি-এর অতিরিক্ত অর্থ দাবি করায় দুই ইউনিয়ন পরিষদ উদ্যোক্তাকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার (২ জুন) উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মেজবাহ উদ্দিন উপজেলার মদাপুর ও মৃগী ইউনিয়ন পরিষদ পরিদর্শনকালে এ অনিয়মের বিষয়টি হাতে-নাতে শনাক্ত করেন।

জানা যায়, মদাপুর ইউনিয়ন পরিষদের উদ্যোক্তা শাহানা আক্তার এবং মৃগী ইউনিয়ন পরিষদের উদ্যোক্তা রইসুল ইসলাম একই ব্যক্তির জন্মনিবন্ধন সংশোধন করে দেওয়ার বিনিময়ে সরকার নির্ধারিত ফি-এর অতিরিক্ত ১০ হাজার টাকা দাবি করেন।

পরিদর্শনের সময় বিষয়টি উপজেলা নির্বাহী কর্মকর্তার নজরে এলে তাৎক্ষণিকভাবে তদন্ত করে অভিযোগের সত্যতা পাওয়া যায়।

পরে ভ্রাম্যমাণ আদালতের কার্যক্রমে অভিযুক্ত দুই উদ্যোক্তা তাদের অপরাধ স্বীকার করেন।

সরকারি নির্দেশনা অমান্য করে সরকারি কাজে প্রতিবন্ধকতা সৃষ্টির অপরাধে তাদের প্রত্যেককে ১০ হাজার টাকা করে মোট ২০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। একই সঙ্গে অর্থদণ্ড অনাদায়ে ৩০ দিনের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেওয়া হয়। পরে তাদের কাছ থেকে তাৎক্ষণিকভাবে জরিমানার অর্থ আদায় করা হয়।

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মেজবাহ উদ্দিন বলেন, সরকারি সেবা গ্রহণে নির্ধারিত ফি-এর বাইরে কোনো ধরনের অতিরিক্ত অর্থ আদায় সম্পূর্ণ বেআইনি। জন্মনিবন্ধনসহ সব ধরনের নাগরিক সেবা জনগণকে স্বচ্ছ ও নির্ধারিত নিয়মে প্রদান করতে হবে। অনিয়ম, দুর্নীতি কিংবা হয়রানির অভিযোগ পাওয়া গেলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

তিনি আরও বলেন, সরকারি সেবার মানোন্নয়ন ও জনগণের ভোগান্তি কমাতে উপজেলা প্রশাসন নিয়মিত তদারকি কার্যক্রম পরিচালনা করছে এবং ভবিষ্যতেও এ ধরনের অভিযান চলমান থাকবে।



banner close
banner close