মঙ্গলবার

২ জুন, ২০২৬ ১৯ জ্যৈষ্ঠ, ১৪৩৩

তিন জুন থেকে হবিগঞ্জ-সিলেট রুটে ধর্মঘটের আল্টিমেটাম

হবিগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ২ জুন, ২০২৬ ১৭:২৪

শেয়ার

তিন জুন থেকে হবিগঞ্জ-সিলেট রুটে ধর্মঘটের আল্টিমেটাম
ছবি: সংগৃহীত

হবিগঞ্জ-সিলেট রুটে বাস চলাচল নিয়ে চলমান বিরোধের দ্রুত সমাধান না হলে আগামী ৩ জুন থেকে জেলায় অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটের ঘোষণা দিয়েছে হবিগঞ্জের পরিবহন মালিক ও শ্রমিক নেতারা।

রবিবার দুপুরে হবিগঞ্জ পৌর বাস টার্মিনালে এক সংবাদ সম্মেলনে এই ঘোষণা দেয় হবিগঞ্জ জেলা বাস/মিনিবাস, ট্রাক, সিএনজি ও ম্যাক্সি মালিক-শ্রমিক সমন্বয় পরিষদ।

সংগঠনের নেতারা জানান, দীর্ঘদিন ধরে হবিগঞ্জ থেকে মৌলভীবাজার হয়ে সিলেট রুটে বাস চলাচল নিয়ে জটিলতা চলছে। একাধিক বৈঠক ও প্রশাসনিক উদ্যোগের পরও কার্যকর সমাধান না আসায় তারা আন্দোলনের পথে যেতে বাধ্য হয়েছেন।

তাদের দাবি, আগামী ২ জুনের মধ্যে হবিগঞ্জের বাসগুলোকে পূর্বের নিয়ম অনুযায়ী মৌলভীবাজার হয়ে সিলেট চলাচলের সুযোগ নিশ্চিত করতে হবে। অন্যথায় ৩ জুন সকাল ৬টা থেকে জেলার সব ধরনের পরিবহন অনির্দিষ্টকালের জন্য বন্ধ থাকবে।

পরিবহন নেতাদের ভাষ্য অনুযায়ী, এই রুটে কয়েক দশক ধরে বাস চলাচল স্বাভাবিক ছিল। নতুন মহাসড়ক চালুর পর রুট ব্যবস্থাপনা নিয়ে জটিলতা তৈরি হয়। পরে প্রশাসনের মধ্যস্থতায় কিছু সময়ের জন্য পরিস্থিতি স্বাভাবিক থাকলেও গত বছরের শেষ দিকে আবারও বিরোধ দেখা দেয়।

চলতি বছরের মে মাসে শেরপুর এলাকায় হবিগঞ্জের বাস চলাচলে বাধা দেয়ার ঘটনাকে কেন্দ্র করে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়। এরপর বিভাগীয় প্রশাসনের উদ্যোগে দুই জেলার প্রশাসন ও পরিবহন প্রতিনিধিদের নিয়ে একাধিক বৈঠক হলেও সমাধান হয়নি।

নেতারা জানান, রুট বন্ধ থাকায় গত দুই সপ্তাহে প্রায় ৬০০ শ্রমিক কর্মহীন হয়ে পড়েছেন। পাশাপাশি হবিগঞ্জ ও সিলেটের মধ্যে নিয়মিত যাতায়াতকারী হাজারো যাত্রী চরম দুর্ভোগে পড়েছেন।

সংবাদ সম্মেলনে পরিবহন নেতারা সরকারের জরুরি হস্তক্ষেপ কামনা করেন। তারা বলেন, এই দীর্ঘস্থায়ী বিরোধের স্থায়ী সমাধান না হলে পরিবহন খাত, শ্রমিকদের জীবন-জীবিকা এবং সাধারণ যাত্রীদের দুর্ভোগ আরও বাড়বে।



banner close
banner close