মঙ্গলবার

২ জুন, ২০২৬ ১৯ জ্যৈষ্ঠ, ১৪৩৩

রেলসেতুতে ধাক্কা লেগে প্রাণ গেল ট্রেনের ছাদে থাকা যুবকের

রাজবাড়ী প্রতিনিধি

প্রকাশিত: ২ জুন, ২০২৬ ১৭:১৯

শেয়ার

রেলসেতুতে ধাক্কা লেগে প্রাণ গেল ট্রেনের ছাদে থাকা যুবকের
ছবি: সংগৃহীত

রাজবাড়ীর কালুখালী উপজেলার কালিকাপুর রেলওয়ে ব্রিজ এলাকায় ট্রেনের ছাদে ভ্রমণ করতে গিয়ে মর্মান্তিক দুর্ঘটনার শিকার হয়ে এক অজ্ঞাত পরিচয় যুবকের মৃত্যু হয়েছে। রেলসেতুর কাঠামোর সঙ্গে মাথায় আঘাত পেয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে ঢাকা থেকে খুলনাগামী সুন্দরবন এক্সপ্রেস ট্রেন কালিকাপুর রেলওয়ে ব্রিজ অতিক্রমকালে এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয়দের ভাষ্যমতে, ট্রেনের ছাদে কয়েকজন যাত্রী অবস্থান করছিলেন। এ সময় ওই যুবক সেতুর কাঠামোর সঙ্গে সজোরে ধাক্কা খেয়ে গুরুতর আহত হন। মাথায় মারাত্মক আঘাত লাগায় ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

দুর্ঘটনার পর ট্রেনটি পাংশা রেলওয়ে স্টেশনে পৌঁছালে ছাদের ওপর যুবকের নিথর দেহ দেখতে পান স্টেশনের কর্মীরা। পরে রেলওয়ে পুলিশ ও স্থানীয়দের সহযোগিতায় মরদেহটি উদ্ধার করে স্টেশনে নামানো হয়।

পাংশা রেলওয়ে স্টেশনের সহকারী স্টেশন মাস্টার মিজানুর রহমান বলেন, ট্রেনটি স্টেশনে প্রবেশের পর ছাদের ওপর একটি মরদেহ দেখতে পাই। পরে বিষয়টি রেলওয়ে পুলিশকে জানানো হলে তারা প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করে।

রাজবাড়ী জিআরপি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান জানান, নিহত যুবকের পরিচয় এখনও শনাক্ত করা সম্ভব হয়নি। মরদেহ উদ্ধার করে আইনগত প্রক্রিয়া শুরু করা হয়েছে এবং পরিচয় নিশ্চিতের চেষ্টা চলছে।



banner close
banner close