মঙ্গলবার

২ জুন, ২০২৬ ১৯ জ্যৈষ্ঠ, ১৪৩৩

চাঁপাইনবাবগঞ্জে গরু চুরি সন্দেহে গণপিটুনিতে যুবকের মৃত্যু

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:

প্রকাশিত: ২ জুন, ২০২৬ ১৬:১৮

শেয়ার

চাঁপাইনবাবগঞ্জে গরু চুরি সন্দেহে গণপিটুনিতে যুবকের মৃত্যু
ছবি সংগৃহীত

চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট উপজেলায় গরু চুরির অভিযোগে গণপিটুনির শিকার এক যুবকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২ জুন) সকালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ২ জুন রাত আনুমানিক ৩টার দিকে ভোলাহাট উপজেলার গোহালবাড়ি ইউনিয়নের গোহালবাড়ি গ্রামের বাসিন্দা মো. এমরান হোসেনের গোয়ালঘরে গরু চুরির চেষ্টা করা হয়। এ সময় বাড়ির লোকজন বিষয়টি টের পেয়ে সন্দেহভাজন একজনকে আটক করে ডাক-চিৎকার দিলে স্থানীয় লোকজন ঘটনাস্থলে জড়ো হয়।

পরে উত্তেজিত জনতা ফিরোজ আলী (৪০) নামে ওই ব্যক্তিকে মারধর করে। তিনি চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার পিটিআই কলেজ বস্তি এলাকার মৃত নুর নবীর ছেলে। তবে গত প্রায় পাঁচ বছর ধরে তিনি ভোলাহাট উপজেলার গোহালবাড়ি গ্রামে তার শ্বশুরবাড়িতে বসবাস করে আসছিলেন।

গুরুতর আহত অবস্থায় ফিরোজ আলীকে উদ্ধার করে ভোলাহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার সকাল আনুমানিক ৭টা ১০ মিনিটে তিনি মারা যান।

খবর পেয়ে ভোলাহাট থানা পুলিশ হাসপাতাল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানোর ব্যবস্থা করে।

এ বিষয়ে ভোলাহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল বারিক জানান, গরু চুরির সন্দেহে স্থানীয় লোকজনের মারধরে আহত এক ব্যক্তি চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন বলে প্রাথমিকভাবে জানা গেছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের ব্যবস্থা করা হয়েছে। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত ও আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।



banner close
banner close