রাজধানীর মিরপুর-১১ এলাকার একটি আবাসিক ফ্ল্যাট থেকে নুরজাহান বেগম (৭২) নামে এক বৃদ্ধার পচাগলা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (১ জুন) রাতে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ কল পেয়ে মিরপুর ৬ নম্বর সেকশনের সি ব্লকের ১২ নম্বর রোডের ওই ফ্ল্যাট থেকে মরদেহটি উদ্ধার করে পল্লবী থানা পুলিশ। পরে ময়নাতদন্তের জন্য মরদেহটি মর্গে পাঠানো হয়।
পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাসান বাসির জানান, নুরজাহান বেগম ওই ফ্ল্যাটে তার মেয়ের সঙ্গে থাকতেন, তবে আলাদা কক্ষে। বেশ কিছুদিন মায়ের কোনো সাড়াশব্দ না পেয়ে রোববার মেয়ে একজন নার্সকে ডেকে আনেন। ওই নার্স কক্ষে প্রবেশ করে বৃদ্ধাকে মৃত অবস্থায় দেখতে পান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।
ওসি হাসান বাসির আরো জানান, বৃদ্ধার মেয়ে মৃত্যুর কারণ ও সময় সম্পর্কে সন্তোষজনক কোনো তথ্য দিতে পারেননি। এ কারণে মরদেহ ময়নাতদন্তে পাঠানো হয়েছে। পুলিশের প্রাথমিক ধারণা, উদ্ধারের অন্তত সাত থেকে আট দিন আগে বৃদ্ধার মৃত্যু হয়েছে। দীর্ঘদিন পড়ে থাকায় মরদেহে পচন ধরে।
পুলিশ জানায়, বৃদ্ধা যে কক্ষে থাকতেন সেটি ছিল অত্যন্ত অপরিচ্ছন্ন ও আবর্জনায় পরিপূর্ণ। কক্ষের পরিবেশ পর্যবেক্ষণে প্রতীয়মান হয় যে দীর্ঘদিন ধরে তিনি চরম অবহেলা ও পরিচর্যার অভাবে ছিলেন।
পুলিশি অনুসন্ধানে জানা যায়, নুরজাহান বেগমের তিন ছেলে সমাজে সুপ্রতিষ্ঠিত। তাদের একজন সরকারের উচ্চপদস্থ কর্মকর্তা, একজন বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষক এবং আরেকজন কানাডাপ্রবাসী। তারা কেউই মায়ের সঙ্গে একই বাসায় থাকতেন না। স্থানীয় সূত্রে জানা যায়, বৃদ্ধার মেয়ের স্বামী ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ছিলেন, যিনি প্রায় পাঁচ বছর আগে মারা যান।
এ ঘটনায় পল্লবী থানায় সাধারণ ডায়েরি করা হয়েছে। মৃত্যুর প্রকৃত কারণ ও পরিস্থিতি উদ্ঘাটনে আইনি প্রক্রিয়া চলমান রয়েছে বলে পুলিশ জানিয়েছে।
আরও পড়ুন:








