সোমবার

১ জুন, ২০২৬ ১৮ জ্যৈষ্ঠ, ১৪৩৩

চৌদ্দগ্রামে ছয় ঘণ্টার ব্যবধানে পানিতে ডুবে তিন শিশুর মৃত্যু

কুমিল্লা প্রতিনিধি

প্রকাশিত: ১ জুন, ২০২৬ ১৬:১০

শেয়ার

চৌদ্দগ্রামে ছয় ঘণ্টার ব্যবধানে পানিতে ডুবে তিন শিশুর মৃত্যু
প্রতীকী ছবি

কুমিল্লার চৌদ্দগ্রামে মাত্র ছয় ঘণ্টার ব্যবধানে পৃথক তিনটি ঘটনায় পুকুরের পানিতে ডুবে তিন শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। সোমবার (১ জুন) সকাল ৮টা থেকে দুপুর ২টার মধ্যে উপজেলার বিভিন্ন এলাকায় এ ঘটনাগুলো ঘটে।

নিহতরা হলেন, চৌদ্দগ্রাম পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ও প্যানেল মেয়র মিজানুর রহমানের ছেলে আয়ান (১২), কনকাপৈত ইউনিয়নের কালকোট গ্রামের ফরহান ইবনে মোস্তফার ছেলে মোহাম্মদ (২) এবং মুন্সীরহাট ইউনিয়নের বাংপাই গ্রামের মো. হাসানের ছেলে শাহাদাত (৬)।

স্থানীয় সূত্রে জানা যায়, আয়ান ঈদুল আজহার ছুটিতে বাড়িতে বেড়াতে আসে। সোমবার সকালে বন্ধুদের সঙ্গে খেলাধুলা শেষে কবরস্থান সংলগ্ন একটি পুকুরে গোসল করতে নামে। একপর্যায়ে পানিতে তলিয়ে গেলে স্বজনরা তাকে উদ্ধার করে চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

অপরদিকে, কনকাপৈত ইউনিয়নের কালকোট গ্রামে বাড়ির পাশে খেলতে গিয়ে সবার অজান্তে পুকুরে পড়ে যায় শিশু মোহাম্মদ। পরে পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

একইভাবে মুন্সীরহাট ইউনিয়নের বাংপাই গ্রামে বাড়ির পাশের পুকুরে ডুবে যায় শাহাদাত। স্থানীয়দের সহযোগিতায় তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলেও তার প্রাণ রক্ষা করা সম্ভব হয়নি।

চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. রশিদ আহমেদ চৌধুরী তোফায়েল জানান, সোমবার সকাল ৮টা থেকে দুপুর ২টার মধ্যে পানিতে ডুবে যাওয়া তিন শিশুকে চৌদ্দগ্রাম সরকারি হাসপাতালের জরুরি বিভাগে আনা হয়। পরীক্ষা-নিরীক্ষা শেষে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

একই দিনে স্বল্প সময়ের ব্যবধানে তিন শিশুর মৃত্যুর ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। শিশুদের নিরাপত্তা নিশ্চিত করতে অভিভাবকদের আরও সচেতন হওয়ার আহ্বান জানিয়েছেন স্থানীয়রা।



banner close
banner close