ঈদুল আজহার ছুটি শেষে উত্তর ও দক্ষিণাঞ্চলের ২২ জেলার মানুষ কর্মস্থলে ফিরতে শুরু করায় উত্তরবঙ্গের প্রবেশদ্বার যমুনা সেতু দিয়ে যানবাহন পারাপারের চাপ বেড়েছে। গত ২৪ ঘণ্টায় সেতুটি ব্যবহার করেছে ৩৫ হাজার ৩৯২টি যানবাহন এবং এ সময়ে টোল আদায় হয়েছে ২ কোটি ৭ লাখ ৮২ হাজার টাকা।
যমুনা সেতু সাইট অফিস সূত্রে জানা গেছে, রোববার (৩১ মে) সর্বশেষ ২৪ ঘণ্টায় সেতুর পশ্চিম প্রান্তের ঢাকামুখী লেন দিয়ে ২২ হাজার ৯৭১টি যানবাহন পারাপার হয়েছে। এসব যানবাহন থেকে টোল আদায় হয়েছে ১ কোটি ১৮ লাখ ৪২ হাজার ৮৫০ টাকা।
অন্যদিকে সেতুর পূর্ব প্রান্তের উত্তরবঙ্গগামী লেন দিয়ে ১২ হাজার ৪২১টি যানবাহন চলাচল করেছে। এ খাত থেকে টোল আদায় হয়েছে ৮৯ লাখ ৩৯ হাজার ১৫০ টাকা।
দুই প্রান্ত মিলিয়ে ২৪ ঘণ্টায় মোট ৩৫ হাজার ৩৯২টি যানবাহন সেতুটি ব্যবহার করেছে। একই সময়ে মোট টোল আদায়ের পরিমাণ দাঁড়িয়েছে ২ কোটি ৭ লাখ ৮২ হাজার টাকা।
যমুনা সেতু সাইট অফিসের নির্বাহী প্রকৌশলী সৈয়দ রিয়াজ উদ্দিন বলেন, ঈদ-পরবর্তী সময়ে ঢাকামুখী যানবাহনের সংখ্যা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে। সেতুর উভয় প্রান্তে যান চলাচল স্বাভাবিক রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে এবং সার্বক্ষণিক নজরদারি অব্যাহত রয়েছে।
আরও পড়ুন:





.jpg)


