শেরপুর জেলা সদরের পৌরসভাধীন নাগপাড়া গির্দানারায়নপুর এলাকায় একটি বাসায় অভিযান চালিয়ে মাদক সেবনের সরঞ্জামাদিসহ তিন যুবককে আটক করেছে পুলিশ। রোববার (৩১ মে) রাত ৯টা ১৫ মিনিটে শেরপুর সদর থানা পুলিশের একটি বিশেষ দল এ অভিযান পরিচালনা করে।
আটককৃতরা হলেন, নাগপাড়া গির্দানারায়নপুর এলাকার মো. আব্দুল করিম (২৮), পূর্বশেরী অষ্টমীতলা এলাকার মো. রিফাত হুসাইন মুন্না (২১) এবং সৈকত ইসলাম সিয়াম (২০)। তারা সবাই শেরপুর সদর থানা এলাকার বাসিন্দা।
পুলিশ সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে আব্দুল করিমের বাসায় মাদক সেবনের আসর বসার গোপন সংবাদের ভিত্তিতে শেরপুর সদর থানার এসআই আমিনুল ইসলাম, এসআই খাইরুল ইসলাম, এসআই আশিকুর রহমান এবং এএসআই শফিকের নেতৃত্বে সঙ্গীয় ফোর্স অভিযান চালায়। এ সময় ঘরের ভেতরে মাদক সেবনের বিভিন্ন আলামত দেখতে পেয়ে তিনজনকে আটক করা হয়।
অভিযানে মাদক সেবনের পাইপ, রাংতা কাগজ, বোতলের কক, ক্যাপবিহীন সুই সংযুক্ত লাইটারসহ বিভিন্ন সরঞ্জাম জব্দ করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে।
এদিকে, আটক ব্যক্তিদের ছাড়িয়ে নিতে গভীর রাতে এক ব্যক্তি থানায় এসে নিজেকে বিএনপি নেতা পরিচয় দিয়ে তদবির করেন বলে অভিযোগ উঠেছে। এক পুলিশ কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে জানান, রাত আনুমানিক ১টা ৩০ মিনিটে সজীব মিয়া নামে ওই ব্যক্তি থানায় এসে আটককৃতদের ছেড়ে দেওয়ার দাবি জানান। পুলিশ তা প্রত্যাখ্যান করলে তিনি অসদাচরণ, গালিগালাজ এবং হুমকি প্রদান করেন বলে অভিযোগ করা হয়েছে।
অভিযোগে আরও উল্লেখ করা হয়, মাদক সেবীদের আটক করার পুরো ঘটনাটি ভিডিও ধারণ করা হয়েছে এবং বিষয়টি তাৎক্ষণিকভাবে শেরপুর সদর থানার অফিসার ইনচার্জ ও অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন)কে অবহিত করা হয়েছে। পরবর্তীতে থানায় উপস্থিত অন্যান্য পুলিশ সদস্যদের হস্তক্ষেপে পরিস্থিতি শান্ত হয়।
শেরপুর সদর থানা সূত্রে জানা গেছে, আটক তিনজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। পাশাপাশি থানায় অসদাচরণ ও হুমকির অভিযোগের বিষয়টিও খতিয়ে দেখা হচ্ছে।
পুলিশ জানিয়েছে, মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে এবং আইনের প্রয়োগে কোনো ধরনের প্রভাব বা চাপকে প্রশ্রয় দেওয়া হবে না।
আরও পড়ুন:





.jpg)


