রাজধানীর পল্লবীতে আট বছর বয়সী শিশু রামিসাকে ধর্ষণ ও হত্যার ঘটনায় দায়ের করা মামলার অভিযোগ গঠনের শুনানি আজ অনুষ্ঠিত হচ্ছে। এ উপলক্ষে মামলার প্রধান আসামি সোহেল রানা ও তার স্ত্রীকে আদালতে হাজির করা হয়েছে।
সোমবার (১ জুন) সকাল পৌনে ৮টার দিকে প্রিজনভ্যানে করে সোহেল রানাকে আদালতে আনা হয়। পরে তার স্ত্রীকেও আদালতে হাজির করা হয়। আসামিদের উপস্থিতিতে ঢাকার শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালে মামলার অভিযোগ গঠনের শুনানি অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। অভিযোগ গঠনের মাধ্যমে মামলাটির আনুষ্ঠানিক বিচারকাজ শুরু হবে।
মামলার তদন্ত কর্মকর্তা গত ২৪ মে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে অভিযোগপত্র দাখিল করেন। আদালত অভিযোগপত্র গ্রহণ করে মামলাটি বিচারের জন্য ঢাকার শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালে পাঠান।
মামলার নথি অনুযায়ী, গত ১৯ মে রাজধানীর পল্লবীর একটি বাসা থেকে শিশু রামিসার খণ্ডিত মরদেহ উদ্ধার করে পুলিশ। ঘটনার পর ওই ফ্ল্যাটে বসবাসকারী সোহেল রানা ও তার স্ত্রীকে গ্রেপ্তার করা হয়। পরে আদালতে দেওয়া জবানবন্দিতে সোহেল রানা শিশু রামিসাকে ধর্ষণ ও হত্যার দায় স্বীকার করেন বলে জানা যায়।
অভিযোগপত্রে সোহেল রানার বিরুদ্ধে ধর্ষণ ও হত্যার অভিযোগ আনা হয়েছে। অপরদিকে, তার স্ত্রীর বিরুদ্ধে অপরাধের প্রমাণ নষ্ট করতে সহযোগিতা করার অভিযোগ উল্লেখ করা হয়েছে।
মামলায় রামিসার বাবা, প্রতিবেশীসহ মোট ১৮ জনকে সাক্ষী করা হয়েছে। অভিযোগ গঠনের শুনানি শেষে আদালত পরবর্তী বিচারিক কার্যক্রমের তারিখ নির্ধারণ করতে পারেন।
আরও পড়ুন:








