মানিকগঞ্জে পৃথক দুটি ঘটনায় একজন গৃহবধূ ও তার দেড় বছর বয়সি শিশুসন্তানসহ তিনজন খুন হয়েছেন। শনিবার (৩০ মে) রাত ১০টা থেকে মধ্যরাতের মধ্যে জেলার সদর ও দৌলতপুর উপজেলায় ঘটনা দুটি ঘটে। উভয় ঘটনায় পুলিশ মরদেহ উদ্ধার করেছে এবং জড়িতদের গ্রেপ্তারে অভিযান পরিচালনা করছে।
দৌলতপুর উপজেলার বাঁচামারা ইউনিয়নের ফকিরপাড়া এলাকায় শনিবার রাত ১০টার দিকে পারিবারিক বিরোধের জেরে গৃহবধূ আমেনা ও তার দেড় বছর বয়সি ছেলে আসওয়াদ খুন হন। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শ্বশুরবাড়ির সদস্যদের সঙ্গে কথা-কাটাকাটির একপর্যায়ে ধারালো অস্ত্র দিয়ে মা ও শিশুকে কুপিয়ে হত্যা করা হয়। ঘটনাস্থল থেকে একটি দা ও হাতুড়ি উদ্ধার করা হয়েছে।
নিহত আমেনার স্বামী সালাম মোল্লা স্থানীয় বাজারের একজন ব্যবসায়ী। ওই রাতে দোকান বন্ধ করে বাড়ি ফেরার পথে তার ওপরও হামলা চালানো হয়। আহত অবস্থায় স্থানীয়রা তাকে দৌলতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। তিনি বর্তমানে সেখানে চিকিৎসাধীন রয়েছেন। দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা স্বপন কুমার সরকার জানান, পুলিশ প্রয়োজনীয় ব্যবস্থা নিয়েছে, মরদেহ উদ্ধারসহ আইনি প্রক্রিয়া চলমান রয়েছে এবং জড়িতদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত আছে।
অপর ঘটনায়, সদর উপজেলার পুটাইল ইউনিয়নের উত্তর পুটাইল গ্রামের বাসিন্দা মো. সজিব একই রাতে খুন হন। একই এলাকার বাসিন্দা লুৎফর রহমানের বাড়িতে অবস্থানকালে রাত দেড়টার দিকে পূর্ব শত্রুতার জেরে ১০০ থেকে ১৫০ জনের একটি দল সেখানে হামলা চালায় এবং কুপিয়ে সজিবকে হত্যা করে। মানিকগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইকরাম হোসেন জানান, পুলিশ মরদেহ উদ্ধার করেছে এবং জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারের জন্য তদন্ত চলছে।
আরও পড়ুন:








