শনিবার

২৯ আগস্ট, ২০২৬ ১৪ ভাদ্র, ১৪৩৩

চৌদ্দগ্রামে নিখোঁজ কলেজছাত্র শিহাবের মরদেহ উদ্ধার

কুমিল্লা প্রতিনিধি

প্রকাশিত: ৩০ মে, ২০২৬ ১০:৪৩

শেয়ার

চৌদ্দগ্রামে নিখোঁজ কলেজছাত্র শিহাবের মরদেহ উদ্ধার
ছবি সংগৃহীত

কুমিল্লার চৌদ্দগ্রামে ডাকাতিয়া নদীতে নিখোঁজ হওয়ার প্রায় ১৮ ঘণ্টা পর কলেজছাত্র শিহাবের মরদেহ উদ্ধার করা হয়েছে।

শনিবার (৩০ মে) সকাল আনুমানিক ৭টা ২০ মিনিটে চাঁদপুর থেকে আগত ডুবুরি দল ও চৌদ্দগ্রাম ফায়ার সার্ভিসের সদস্যরা জাকজোর-নারান্দিয়া ব্রিজ সংলগ্ন ডাকাতিয়া নদী থেকে তার মরদেহ উদ্ধার করেন।

নিহত শিহাব (১৭) চট্টগ্রামের বি.এন কলেজের একাদশ শ্রেণির ছাত্র এবং কুমিল্লার নাঙ্গলকোট উপজেলার ঢালুয়া ইউনিয়নের নারান্দিয়া গ্রামের জহির আহমেদ শিপনের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার (২৯ মে) দুপুর আনুমানিক ১টার দিকে জুমার নামাজ আদায়ের উদ্দেশ্যে কয়েকজন বন্ধুর সঙ্গে সাঁতরে ডাকাতিয়া নদী পার হওয়ার সময় শিহাব নদীর স্রোতে তলিয়ে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধারের চেষ্টা চালিয়েও ব্যর্থ হন।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা উদ্ধার অভিযান শুরু করেন। পরবর্তীতে চাঁদপুর থেকে বিশেষ ডুবুরি দল ঘটনাস্থলে এসে তল্লাশি চালায়। দীর্ঘ অনুসন্ধানের পর শনিবার সকালে শিহাবের মরদেহ উদ্ধার করা হয়।

এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। নিহতের পরিবার ও স্বজনদের আহাজারিতে পরিবেশ ভারী হয়ে ওঠে।

স্থানীয় প্রশাসন ও ফায়ার সার্ভিস সূত্র জানিয়েছে, প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।