ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় ঢাকা-খুলনা মহাসড়কে দুটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মো. আলিমুজ্জামান (৬০) নামে একজন অবসরপ্রাপ্ত বিজিবি সদস্য নিহত হয়েছেন। বৃহস্পতিবার সন্ধ্যা সাতটার দিকে উপজেলার সুয়াদী এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এতে আরও তিনজন গুরুতর আহত হয়েছেন।
নিহত আলিমুজ্জামান ফরিদপুরের নগরকান্দা উপজেলার কান্দি এলাকার বাসিন্দা ছিলেন। আহতরা হলেন সালথা উপজেলার মৌলভীপাড়া এলাকার সিয়াম (১৮) ও সাব্বির (১৮) এবং ভাঙ্গা উপজেলার মহেশ্বরদী এলাকার সামসুল আলম (৬০)।
ভাঙ্গা হাইওয়ে থানার উপ-পরিদর্শক মো. মামুন জানান, ভাঙ্গা থেকে মুকসুদপুরগামী একটি মোটরসাইকেলের সঙ্গে বিপরীত দিক থেকে আসা আরেকটি মোটরসাইকেলের সংঘর্ষ হয়। এতে উভয় মোটরসাইকেলের আরোহীসহ মোট চারজন গুরুতর আহত হন। স্থানীয় লোকজন আহতদের উদ্ধার করে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক আলিমুজ্জামানকে মৃত ঘোষণা করেন। আশঙ্কাজনক অবস্থায় থাকা অন্য তিন আহতকে উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।
উপ-পরিদর্শক মামুন আরও জানান, এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।
আরও পড়ুন:








