বিপুল উৎসাহ-উদ্দীপনা ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে ব্রাহ্মণবাড়িয়ায় পবিত্র ঈদুল আজহার জামাত অনুষ্ঠিত হয়েছে। সকাল সাড়ে ৮টায় জেলার আখাউড়া উপজেলার নবগঠিত বরিশাল ইউনিয়নের বরিশাল গ্রামে ঈদের নামাজ আদায় করেন প্রধানমন্ত্রীর সহকারী একান্ত সচিব-২ আব্দুর রহমান সানিসহ স্থানীয় মুসল্লিরা।
ঈদের নামাজ শেষে উপস্থিত মুসল্লিদের উদ্দেশ্যে বক্তব্য দেন আব্দুর রহমান সানি। তিনি বলেন, প্রধানমন্ত্রীর পক্ষ থেকে এলাকাবাসীকে ঈদের শুভেচ্ছা জানাচ্ছি। প্রধানমন্ত্রী দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন এবং সবার ঈদযাত্রা নির্বিঘ্ন করতে আন্তরিকভাবে কাজ করেছেন। বিশেষ করে পরিবহন খাতকে গুরুত্ব দিয়ে সংশ্লিষ্ট বিভাগগুলোকে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছিল, যাতে মানুষ নিরাপদে ও সুশৃঙ্খলভাবে বাড়ি ফিরতে পারে।
তিনি আরও বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার পাশাপাশি ঘরমুখো মানুষের যাতায়াত সহজ করতে সরকার কার্যকর পদক্ষেপ নিয়েছে। এ বছর মানুষ অনেকটাই নির্বিঘ্নে বাড়ি ফিরতে পেরেছে। ভবিষ্যতেও এই ধারা অব্যাহত থাকবে বলে আমরা আশা করি।
নিজের শৈশব-কৈশোরের স্মৃতিচারণ করে আব্দুর রহমান সানি বলেন, দীর্ঘ প্রায় ২০ বছর পর গ্রামের বাড়িতে ঈদ করতে এসে তিনি আবেগাপ্লুত। তিনি জানান, ১৮ বছর প্রবাস জীবন কাটিয়ে দেশে ফেরার পর এবারই প্রথম গ্রামের মানুষের সঙ্গে ঈদ উদযাপনের সুযোগ হয়েছে।
তিনি বলেন, “বরিশাল আমার জন্মভূমি, এখানেই আমার বেড়ে ওঠা। আখাউড়াতেই আমার স্কুলজীবন কেটেছে। তাই সদ্য নবগঠিত বরিশাল ইউনিয়নকে পারিবারিক ও সরকারি উদ্যোগে একটি মডেল ইউনিয়ন হিসেবে গড়ে তুলতে চাই। আইনশৃঙ্খলা, যোগাযোগ ব্যবস্থা ও সামাজিক ভ্রাতৃত্ববোধ উন্নয়নে আমরা কাজ করতে চাই। খুব শিগগিরই এর ইতিবাচক পরিবর্তন দেখা যাবে বলে আশা করছি।”
বরিশাল ঈদগাহ মাঠে ঈদের জামাতে ইমামতি করেন সোনাকান্দা জামিয়া শামসুল হুদা রহমানিয়া শরিয়া মাদরাসার সিনিয়র মাওলানা মাওলানা সাকিরুল ইসলাম।
আরও পড়ুন:








