ফরিদপুরের ভাঙ্গায় কোরবানির মাংস ভাগাভাগিকে কেন্দ্র করে দুই গ্রুপের সংঘর্ষে অন্তত ৩০ জন আহত হয়েছেন। বৃহস্পতিবার সকাল ১০টার দিকে উপজেলার পূর্বপাড়া জামে মসজিদে ঈদুল আজহার নামাজ শেষে এ ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মসজিদের সামনে কোরবানির গরুর মাংস বণ্টন নিয়ে কামরুল মোল্লা ও আবু বক্কার মুন্সির সমর্থকদের মধ্যে প্রথমে কথাকাটাকাটি শুরু হয়। একপর্যায়ে উত্তেজনা ছড়িয়ে পড়লে উভয় পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে।
স্থানীয়রা জানান, মসজিদ কমিটির সদস্যরা পরিস্থিতি শান্ত করার চেষ্টা করলেও তা ব্যর্থ হয়। পরে সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ৩০ জন আহত হন।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং উভয় পক্ষকে ছত্রভঙ্গ করে দেয়।
ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান জানান, বর্তমানে পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে। অভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
আরও পড়ুন:








