বুধবার

২৭ মে, ২০২৬ ১৩ জ্যৈষ্ঠ, ১৪৩৩

আদ্-দ্বীন হাসপাতালে ৬ নবজাতকের মৃত্যু: দুঃখ প্রকাশ, তদন্তে সহযোগিতার আশ্বাস

প্রেস বিজ্ঞপ্তি

প্রকাশিত: ২৭ মে, ২০২৬ ১৬:২৪

শেয়ার

আদ্-দ্বীন হাসপাতালে ৬ নবজাতকের মৃত্যু: দুঃখ প্রকাশ, তদন্তে সহযোগিতার আশ্বাস
ছবি সংগৃহীত

রাজধানীর মগবাজারে অবস্থিত আদ্-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতাল-এ ৬ নবজাতক শিশুর আকস্মিক মৃত্যুর ঘটনায় গভীর দুঃখ ও শোক প্রকাশ করেছে হাসপাতাল কর্তৃপক্ষ। বুধবার গণমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, মঙ্গলবার (২৬ মে) দিবাগত রাত ২টার দিকে হাসপাতালের দ্বিতীয় তলায় অবস্থিত পোস্ট অপারেটিভ ওয়ার্ড-২ এ শীতাতপ নিয়ন্ত্রণ যন্ত্র (এসি) চালু থাকলেও কয়েকজন নবজাতকের মা তা বন্ধ করার অনুরোধ জানান। পরে কর্তব্যরত নার্সরা এসিগুলো বন্ধ করে দেন।

হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, রাত ৩টার দিকে পুনরায় এসি চালু করা হয়। এরপর রাত ৪টার দিকে এক নবজাতক অস্বাভাবিকভাবে কান্না শুরু করলে তাকে দ্রুত নবজাতক নিবিড় পরিচর্যা কেন্দ্র (এনআইসিইউ)-তে নেওয়া হয়। পরে একইভাবে আরও ৫ শিশুকে এনআইসিইউতে স্থানান্তর করা হয়।

বিজ্ঞপ্তি অনুযায়ী, সকাল ৬টার দিকে প্রথম নবজাতকের মৃত্যু হয়। পরবর্তীতে সকাল ৬টা থেকে ৯টার মধ্যে আরও ৫ শিশুর মৃত্যু ঘটে।

হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, ঘটনাটি জানার পরপরই প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা হাসপাতালে উপস্থিত হন। পাশাপাশি স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালকসহ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তা এবং পুলিশ প্রশাসনের সদস্যরা ঘটনাটি তদন্তে হাসপাতালে অবস্থান করছেন।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, কী কারণে এ মর্মান্তিক ঘটনা ঘটেছে তা অনুসন্ধানে সরকারের সংশ্লিষ্ট বিভাগকে সর্বাত্মক সহযোগিতা করছে হাসপাতাল কর্তৃপক্ষ। একইসঙ্গে অভ্যন্তরীণ তদন্তও চালানো হচ্ছে। তদন্তে কারও গাফিলতি বা ত্রুটি প্রমাণিত হলে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে বলেও জানানো হয়।

প্রেস বিজ্ঞপ্তিতে বক্তব্য দেন আদ্-দ্বীন ফাউন্ডেশনের এইচআর অ্যান্ড কোম্পানি অ্যাফেয়ার্স বিভাগের পরিচালক তারিকুল ইসলাম মুকুল।



banner close
banner close