বৃহস্পতিবার

২৮ মে, ২০২৬ ১৩ জ্যৈষ্ঠ, ১৪৩৩

মেঘনায় নৌকাডুবিতে তিনজনের মৃতদেহ উদ্ধার

বরিশাল প্রতিনিধি

প্রকাশিত: ২৭ মে, ২০২৬ ১৩:৪৭

শেয়ার

মেঘনায় নৌকাডুবিতে তিনজনের মৃতদেহ উদ্ধার

বরিশালের হিজলা উপজেলায় মেঘনা নদীতে কালবৈশাখী ঝড়ের কবলে পড়ে নৌকাডুবির ঘটনায় নিখোঁজ তিনজনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। বুধবার দিবাগত রাত ২টার দিকে মেহেন্দীগঞ্জ উপজেলার ভাসানচর এলাকা থেকে স্থানীয় জেলে ও নৌ পুলিশ বাবা নুর ইসলাম জোমাদ্দার (৪৫) ও তাঁর ছেলে ইব্রাহিম জোমাদ্দারের (১২) মৃতদেহ উদ্ধার করে। এর আগে মঙ্গলবার সকাল পৌনে ৬টার দিকে পুরাতন হিজলা এলাকা থেকে একই গ্রামের মো. হারুন বিশ্বাসের (৪৫) মৃতদেহ উদ্ধার হয়। এ নিয়ে ওই ঘটনায় মোট মৃতের সংখ্যা তিনজনে দাঁড়িয়েছে।

সোমবার বিকেলে আটজন যাত্রী একটি ইঞ্জিনচালিত নৌকায় আলীগঞ্জ খেয়াঘাট থেকে ধুলখোলা খেয়াঘাটের উদ্দেশে রওনা হন। যাত্রীরা জেলে কার্ডের চাল নিয়ে ফিরছিলেন। নৌকাটি পুরাতন হিজলা ফেরিঘাট এলাকায় পৌঁছালে হঠাৎ কালবৈশাখী ঝড়ের কবলে পড়ে ডুবে যায়। স্থানীয় লোকজন পাঁচজনকে জীবিত উদ্ধার করতে সক্ষম হলেও নুর ইসলাম জোমাদ্দার, তাঁর ছেলে ইব্রাহিম জোমাদ্দার এবং মো. হারুন বিশ্বাস নিখোঁজ হন।

হিজলা নৌ পুলিশ সূত্রে জানা যায়, নৌকাডুবির পর থেকেই পুলিশ ও স্থানীয় জেলেরা নিখোঁজদের সন্ধানে উদ্ধার অভিযান অব্যাহত রাখেন। বুধবার দিবাগত রাতে মেহেন্দীগঞ্জের ভাসানচর এলাকায় দুটি মৃতদেহ ভাসতে দেখে জেলেরা নৌ পুলিশকে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মৃতদেহ দুটি উদ্ধার করে। স্বজনেরা মৃতদেহ দুটি নুর ইসলাম জোমাদ্দার ও তাঁর ছেলে ইব্রাহিম জোমাদ্দারের বলে শনাক্ত করেন।

হিজলা নৌ পুলিশের পরিদর্শক গৌতম চন্দ্র মণ্ডল জানান, নিখোঁজ বাবা-ছেলের মৃতদেহ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।



banner close
banner close