ঢাকা-চাঁদপুর সড়কে দীর্ঘদিনের যানজট নিরসনের দাবিতে অটোরিকশা ও সিএনজিচালকেরা ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করেছেন। এর ফলে সড়কে দীর্ঘ যানজটের সৃষ্টি হয় এবং যাত্রীরা চরম ভোগান্তিতে পড়েন।
মঙ্গলবার দুপুরে কুমিল্লার দাউদকান্দি উপজেলার গৌরীপুর বাসস্ট্যান্ড এলাকায় চালকেরা অবস্থান নিয়ে মহাসড়কটি অবরুদ্ধ করেন। অবরোধের ফলে গৌরীপুর থেকে ইলিয়টগঞ্জ পর্যন্ত প্রায় ১২ কিলোমিটার যানজট তৈরি হয়।
দাউদকান্দি হাইওয়ে পুলিশ ও ভুক্তভোগী সূত্রে জানা গেছে, গৌরীপুর থেকে বাবুরহাট-চাঁদপুর সড়কের নির্মাণকাজের ধীরগতির কারণে প্রতিদিন তীব্র যানজট সৃষ্টি হচ্ছে। এ কারণে অটোরিকশা ও সিএনজিচালকদের স্বাভাবিকভাবে গাড়ি চালানো কঠিন হয়ে পড়েছে এবং মাত্র আধা কিলোমিটার পথ অতিক্রম করতে যাত্রীদের এক থেকে দুই ঘণ্টা সময় লাগছে।
সিএনজিচালক আবু হানিফ বলেন, সড়ক ও জনপদ বিভাগের গাফিলতির কারণে অটোরিকশা ও সিএনজিচালকেরা ঠিকমতো গাড়ি চালাতে পারছেন না। তাই বাধ্য হয়ে মহাসড়ক অবরোধ করা হয়েছে।
অবরোধের খবর পেয়ে হাইওয়ে পুলিশ, জেলা পুলিশ এবং দাউদকান্দি সহকারী কমিশনার (ভূমি) রেদওয়ান ইসলাম ঘটনাস্থলে উপস্থিত হন। চালকদের দাবি বাস্তবায়নের আশ্বাস দেওয়ার পর প্রায় এক ঘণ্টা পরে অবরোধ প্রত্যাহার করা হয় এবং মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়।
দাউদকান্দি হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইকবাল বাহার বলেন, অবরোধের খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে যাওয়া হয়। অবরোধকারীদের বোঝানোর পর তারা অবরোধ তুলে নিলে যান চলাচল স্বাভাবিক হয়।
উল্লেখ্য, ঈদুল আজহার আগে ঘরমুখো যাত্রীদের চাপ থাকায় এ সময়ে মহাসড়কে যানজট বিশেষভাবে ভোগান্তির কারণ হয়ে দাঁড়িয়েছে।
আরও পড়ুন:








