আর মাত্র ১দিন পরেই পবিত্র ঈদুল আজহা, তাই ঈদকে সামনে রেখে টাকা জমানোর চেষ্টায় অতিরিক্ত ডিউটি করতে গিয়ে কারখানার মেশিনে ডুকে মোহাম্মদ রাসেল (১৭) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। এতে ঈদ আনন্দ বিষাদে পরিনত হয়েছে নিহতের পরিবারের।
মঙ্গলবার (২৬ মে) চট্টগ্রামের মিরসরাই উপজেলার জোরারগঞ্জ দক্ষিণ সোনাপাহাড় এলাকায় অবস্থিত নাহার এগ্রো ফিড মিলে কাজ করার সময় এ দুর্ঘটনা ঘটে। নিহত রাসেল একই এলাকার মোহাম্মদ আলমগীরের একমাত্র ছেলে।
জানা যায়, ঈদ উপলক্ষে টাকা জমানোর উদ্দেশ্যে ইলেকট্রিক কাজের পাশাপাশি গত কয়েকদিন ধরে নাহার এগ্রো ফিড মিলে রাতের শিফটে কাজ করছিল রাসেলসহ কয়েকজন যুবক। সোমবার রাতেও তারা কারখানায় কাজ করছিলেন। একপর্যায়ে রাসেল ফিড মিলের ভুট্টা রাখার সাইলোতে ঢুকে পড়ে। পরে সহকর্মীরা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মস্তাননগর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
প্রত্যক্ষদর্শী মোহাম্মদ রাব্বি বলেন, গতকাল রাতে রাসেল ও আমি একসঙ্গে কাজ করছিলাম। হঠাৎ করে সে সাইলোর ভেতরে ডেবে যায়। আমি তাকে টেনে তোলার চেষ্টা করেও পারিনি। পরে অন্যদের খবর দিলে সবাই মিলে তাকে হাসপাতালে নিয়ে যাই।
এ বিষয়ে নাহার এগ্রো ফিড মিলের ম্যানেজার মো. ফাহিম উদ্দিন বলেন, রাতে কয়েকজন স্থানীয় শ্রমিক কাজ করছিলেন। কাজ করার সময় একজন শ্রমিক মেশিনে আটকে যায়। পরে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক জানান, মধ্যরাতে দুর্ঘটনায় আহত অবস্থায় এক যুবককে হাসপাতালে আনা হয়। পরীক্ষানিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করা হয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, মেশিনের ভেতরে দম বন্ধ হয়ে তার মৃত্যু হয়েছে।
আরও পড়ুন:








