মঙ্গলবার

২৬ মে, ২০২৬ ১২ জ্যৈষ্ঠ, ১৪৩৩

দৌলতদিয়া-পাটুরিয়ায় ফেরি-লঞ্চ বন্ধ, ঈদযাত্রীদের দুর্ভোগ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৬ মে, ২০২৬ ১২:০০

আপডেট: ২৬ মে, ২০২৬ ১২:৪০

শেয়ার

দৌলতদিয়া-পাটুরিয়ায় ফেরি-লঞ্চ বন্ধ, ঈদযাত্রীদের দুর্ভোগ
ছবি সংগৃহীত

কালবৈশাখী ঝড়, বৈরী আবহাওয়া এবং পদ্মা নদীতে তীব্র স্রোতের কারণে দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরি ও লঞ্চ চলাচল সাময়িকভাবে বন্ধ রয়েছে। আজ মঙ্গলবার সকাল ১১টা থেকে পর্যায়ক্রমে লঞ্চ ও ফেরি চলাচল বন্ধ করে দেওয়া হয়। ঈদযাত্রার ব্যস্ত সময়ে এই বন্ধের ফলে ঘাট এলাকায় দীর্ঘ যানজট তৈরি হয়েছে এবং হাজারো যাত্রী চরম দুর্ভোগে পড়েছেন।

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশন (বিআইডব্লিউটিসি) সকাল ১১টা ১৫ মিনিটে দুর্ঘটনার আশঙ্কায় ফেরি চলাচল বন্ধ ঘোষণা করে। এর আগে এই নৌরুটে ১৫টি ফেরি চলাচল করছিল। বর্তমানে দৌলতদিয়া প্রান্তে চারটি ফেরি আটকে আছে এবং নদীর মধ্যে আরও তিনটি ফেরি যানবাহনসহ নোঙর করে রাখা হয়েছে।

এর কিছু আগে সকাল ১১টায় বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ) একই নৌপথে লঞ্চ চলাচলও বন্ধ ঘোষণা করে। লঞ্চ চলাচল বন্ধের আগে এই নৌপথে ২০টি লঞ্চ চলাচল করছিল।

সরেজমিনে দেখা গেছে, হঠাৎ শুরু হওয়া কালবৈশাখী ঝড় ও প্রবল বৃষ্টিতে ঘাট এলাকায় আটকে পড়া যাত্রীদের ভিজতে হচ্ছে। বিশেষ করে শিশু ও বয়স্কদের নিয়ে পরিবারগুলো বিপাকে পড়েছে। পাশাপাশি পশুবাহী ট্রাকের গবাদিপশু এবং খামারিরাও বৃষ্টির মধ্যে দীর্ঘ সময় ধরে অপেক্ষা করছেন।

বিআইডব্লিউটিসি দৌলতদিয়া ঘাট শাখা কার্যালয়ের সহকারী মহাব্যবস্থাপক মো. সালাহউদ্দিন জানান, বৈরী আবহাওয়া, কালবৈশাখী ঝড় এবং নদীতে তীব্র স্রোতের কারণে দুর্ঘটনার আশঙ্কায় সাময়িকভাবে ফেরি চলাচল বন্ধ রাখা হয়েছে। আবহাওয়া পরিস্থিতি স্বাভাবিক হলে পুনরায় ফেরি চলাচল শুরু করা হবে।

বিআইডব্লিউটিএ দৌলতদিয়া লঞ্চঘাটের ট্রাফিক সুপারভাইজার মো. শিমুল ইসলাম জানান, নদীতে তীব্র স্রোত ও ঝড়ো আবহাওয়ার কারণে যাত্রীদের নিরাপত্তার স্বার্থে সাময়িকভাবে লঞ্চ চলাচল বন্ধ রাখা হয়েছে। পরিস্থিতি অনুকূলে এলে লঞ্চ চলাচল পুনরায় শুরু করা হবে।

দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুট দেশের অন্যতম ব্যস্ত ও গুরুত্বপূর্ণ নৌপথ। ঢাকার সঙ্গে দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের যোগাযোগে এই রুটটি কেন্দ্রীয় ভূমিকা পালন করে। ঈদুল আজহার আগে যাত্রীর চাপ স্বাভাবিক সময়ের তুলনায় বহুগুণ বেড়ে যায়, ফলে এই মুহূর্তে ফেরি ও লঞ্চ চলাচল বন্ধ থাকায় দুর্ভোগ আরও তীব্র হয়েছে।

সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, আবহাওয়া পরিস্থিতির উন্নতি হলে যত দ্রুত সম্ভব স্বাভাবিক চলাচল পুনরায় শুরু করা হবে।



banner close
banner close