ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের গাজীপুর অংশে ঈদযাত্রার চাপ ও বৃষ্টির কারণে অন্তত ১৫ কিলোমিটার এলাকাজুড়ে তীব্র যানজট সৃষ্টি হয়েছে। এতে চরম ভোগান্তিতে পড়েছেন ঘরমুখো যাত্রীরা।
সোমবার (২৫ মে) গাজীপুর শিল্পাঞ্চলের অধিকাংশ কারখানায় ঈদের ছুটি শুরু হওয়ার পর থেকেই মহাসড়কে যানবাহনের চাপ বাড়তে থাকে। মঙ্গলবার সকাল পর্যন্ত এই চাপ অব্যাহত থাকে। এর সঙ্গে রাতভর ভারী বৃষ্টিপাত পরিস্থিতিকে আরও জটিল করে তোলে।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা গেছে, ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের কোনাবাড়ী থেকে চন্দ্রা পর্যন্ত প্রায় ১০ কিলোমিটার এলাকায় যানজটের সৃষ্টি হয়। পাশাপাশি চন্দ্রা থেকে নবীনগর সড়কের কবিরপুর পর্যন্ত আরও ৮ থেকে ১০ কিলোমিটার এলাকায় যান চলাচল ধীরগতির হয়ে পড়ে। অনেক যাত্রী যানজট এড়াতে পায়ে হেঁটে গন্তব্যের দিকে রওনা হন।
গাজীপুরে অবস্থিত প্রায় পাঁচ হাজার শিল্পকারখানার মধ্যে অর্ধেকের বেশি কারখানায় ইতোমধ্যে ছুটি শুরু হয়েছে। বাকি কারখানাগুলো মঙ্গলবার দুপুরের মধ্যে ছুটি দেবে বলে জানা গেছে। এতে দুপুরের পর মহাসড়কে যানবাহনের চাপ আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
চন্দ্রা এলাকায় কথা হয় যাত্রী সোহানের সঙ্গে। তিনি বলেন, “সাধারণত চৌরাস্তা থেকে চন্দ্রা আসতে ৪০ মিনিট লাগে। কিন্তু আজ তিন ঘণ্টা পার হলেও এখনও পৌঁছাতে পারিনি। কখন বাড়ি পৌঁছাব জানি না।”
নাওজোর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সওগাতুল আলম বলেন, কারখানাগুলোতে ছুটি শুরু হওয়ায় মহাসড়কে অতিরিক্ত চাপ তৈরি হয়েছে। ঈদযাত্রা নির্বিঘ্ন রাখতে হাইওয়ে পুলিশ কাজ করছে এবং এই পরিস্থিতি আরও একদিন থাকতে পারে বলেও তিনি জানান।
আরও পড়ুন:








