সোমবার

২৫ মে, ২০২৬ ১১ জ্যৈষ্ঠ, ১৪৩৩

দুই ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে কালশী বস্তির আগুন, কাজ করেছে ১৫ ইউনিট

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৫ মে, ২০২৬ ২৩:০১

শেয়ার

দুই ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে কালশী বস্তির আগুন, কাজ করেছে ১৫ ইউনিট
ছবি সংগৃহীত

রাজধানীর মিরপুরের কালশী বস্তিতে লাগা আগুন প্রায় দুই ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে এনেছে ফায়ার সার্ভিস। সোমবার (২৫ মে) রাত ৯টা ৩৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।

ফায়ার সার্ভিস সূত্র জানায়, আগুন লাগার কারণ, ক্ষয়ক্ষতির পরিমাণ এবং কোনো হতাহতের ঘটনা ঘটেছে কি না, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে কোনো তথ্য পাওয়া যায়নি। তদন্ত শেষে এসব বিষয়ে বিস্তারিত জানানো হবে।

ফায়ার সার্ভিসের লেফটেন্যান্ট কর্নেল আজাদ আনোয়ার বলেন, “ফায়ার সার্ভিসের ১৫টি ইউনিটের প্রায় ১২৩ জন ফায়ার ফাইটার, স্থানীয় বাসিন্দা, স্বেচ্ছাসেবক, পুলিশ, র‌্যাব ও সেনাবাহিনীর সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে। আশা করছি, অল্প সময়ের মধ্যেই আগুন পুরোপুরি নির্বাপণ করা যাবে।”

তিনি আরও বলেন, বস্তির ভেতরের সংকীর্ণ রাস্তা এবং পানির সংকটের কারণে আগুন নিয়ন্ত্রণে আনতে কিছুটা বিলম্ব হয়েছে।

ফায়ার সার্ভিসের তথ্য অনুযায়ী, সোমবার সন্ধ্যা ৭টা ২৩ মিনিটে কালশী বস্তিতে আগুন লাগার খবর পাওয়া যায়। খবর পেয়ে প্রথমে চারটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণের কাজ শুরু করে। পরে পরিস্থিতির অবনতি হলে পর্যায়ক্রমে আরও ইউনিট মোতায়েন করা হয়।

অবশেষে ১৫টি ইউনিটের সমন্বিত প্রচেষ্টায় প্রায় দুই ঘণ্টা পর আগুন নিয়ন্ত্রণে আসে।

এর আগে ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার রোজিনা খানম আগুন লাগার বিষয়টি নিশ্চিত করেছিলেন। তদন্ত শেষে আগুনের সূত্রপাত ও ক্ষয়ক্ষতির বিস্তারিত তথ্য প্রকাশ করা হবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।



banner close
banner close