নেত্রকোণার পৌর শহরের ৯ নম্বর ওয়ার্ডের নিজামপুর এলাকায় চলাচলের সাধারণ রাস্তা দখল করে সীমানা দেয়াল নির্মাণের অভিযোগ উঠেছে। ফলে ৬ টি পরিবারের লোকজন ভোগান্তিতে পরেছে। এ ঘটনায় ব্যবস্থা নিতে পৌর প্রশাসকের কাছে লিখিত অভিযোগ দিয়েছেন স্থানীয় বাসিন্দা জিল্লুর রহমান।
রোববার পৌর প্রশাসকের কাছে দেওয়া আবেদনে জিল্লুর রহমান উল্লেখ করেন, দীর্ঘদিন ধরে তাঁর পরিবার একটি সাধারণ রাস্তা ব্যবহার করে বাড়ি থেকে মূল সড়কে যাতায়াত করে আসছে। ওই পথই তাঁদের চলাচলের একমাত্র রাস্তা।
অভিযোগে বলা হয়, প্রতিবেশী নবী নূর-ই ফেরদৌস নিয়মনীতি উপেক্ষা করে চলাচলের রাস্তার জায়গা দখল করে পাকা দেয়াল নির্মাণ করছেন। এতে তাঁদের যাতায়াতের পথ বন্ধ হয়ে যাওয়ার আশঙ্কা তৈরি হয়েছে।
জিল্লুর রহমান আরও অভিযোগ করেন, সামাজিকভাবে এবং মৌখিকভাবে নির্মাণকাজ বন্ধের অনুরোধ জানানো হলেও অভিযুক্ত ব্যক্তি তা উপেক্ষা করে কাজ চালিয়ে যাচ্ছেন। আবেদনের সঙ্গে ১৭ বছর ধরে রাস্তা ব্যবহারের একটি এফিডেভিটও সংযুক্ত করা হয়েছে।
এ বিষয়ে জানতে চাইলে পৌরসভার ভারপ্রাপ্ত সার্ভেয়ার বলেন, সরেজমিনে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। রাস্তা আটকে বাউন্ডারি দেয়াল নির্মাণের কাজ আপাতত বন্ধ রাখা হয়েছে। তদন্ত শেষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
পৌর প্রশাসক মোঃ আরিফুল ইসলাম সরদার বলেন, অভিযোগ পাওয়ার পর ঘটনাস্থলে লোক পাঠিয়ে দেয়াল নির্মাণের কাজ বন্ধ করে দেওয়া হয়েছে। বিষয়টি তদন্ত করে পরবর্তী প্রয়োজনীয় কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
অতিরিক্ত পুলিশ সুপার হাফিজুল ইসলাম বলেন, অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্ত করে দ্রুত আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
আরও পড়ুন:








